হামাসের কর্মকর্তা তাহের আল-নোনো বলেছেন, গাজা উপত্যকায় নতুন করে ইসরাইলি বোমাবর্ষণ সত্ত্বেও দলটি আলোচনার দরজা বন্ধ করেনি।

তিনি কায়রো থেকে ফোনে এএফপি সংবাদ সংস্থাকে বলেন, ‘হামাস আলোচনার দরজা বন্ধ করেনি। তবে আমরা জোর দিয়ে বলছি যে নতুন চুক্তির প্রয়োজন নেই।’

এ সময় তিনি ইসরাইলকে যুদ্ধবিরতি বাস্তবায়নে বাধ্য করার আহ্বানও জানান।

আল জাজিরার সাথে দেয়া এক সাক্ষাৎকারে আল-নোনো বলেন, ‘একটি স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি থাকা অবস্থায় আমাদের নতুন প্রস্তাব কেন উপস্থাপন করতে হবে, যেখানে আন্তর্জাতিক মধ্যস্থতাকারী পক্ষরা গ্যারান্টার হিসেবে কাজ করছে?’

তিনি আরো বলেন, ‘জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবও রয়েছে। আমাদের প্রতি করা সব প্রচেষ্টার প্রতি আমরা ইতিবাচক সাড়া দিয়েছি।’

তিনি অভিযোগ করেন, ‘নেতানিয়াহুই চুক্তি থেকে সরে এসেছেন। নেতানিয়াহুই এতে চোখ বন্ধ করে রেখেছেন। অতএব, হামাস বা ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনকে নয়, নেতানিয়াহুকেই চুক্তি মেনে চলার জন্য চাপ দেয়া উচিত।’

আল-নোনো আরো বলেন, ইসরাইলি দখলদার বাহিনীর ‘অতীত বা বর্তমানের কর্মকাণ্ডের কোনো যুক্তি নেই। তারা তাদের স্বাক্ষরিত চুক্তিই লঙ্ঘন করে চলেছে।’

সূত্র : আল জাজিরা