সিরিয়ায় সম্প্রতি অভ্যন্তরীণ সংঘর্ষে হতাহত হয়েছেন হাজারো মানুষ। চলমান সংঘাতের মধ্যেই গতকাল বৃহস্পতিবার সিরিয়ার রাজধানী দামেস্কের একটি স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল।
ইসরাইলি বাহিনীর দাবি, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের কমান্ড সেন্টারকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছে। সন্ত্রাসী কার্যক্রমের পরিকল্পনা ও পরিচালনার জন্য ব্যবহার করা হচ্ছিল জায়গাটি।
তবে ইসরাইলের এ দাবি প্রত্যাখান করেছে ইসলামিক জিহাদ। অন্য একটি মাধ্যম বলছে, ইসরাইলের হামলার মূল লক্ষ্য ছিল একজন ফিলিস্তিনি।
এর মধ্যেই দামেস্ক সফর করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও গোয়েন্দা সংস্থার প্রধান। নতুন সরকারকে সমর্থন দিচ্ছে আঙ্কারা। তবে সম্প্রতি দেশটিতে সাম্প্রদায়িক সহিংসতার কারণে নতুন সরকারকে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। তুরস্কের কর্মকর্তারা সেখানে বিভিন্ন কৌশলগত ও রাজনৈতিক আলোচনা করেছেন বলে জানা গেছে।
সিরিয়ার এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই দেশটির সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী। ইউরোপীয় দেশগুলোকে সংখ্যালঘুদের সুরক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি। পাশাপাশি সিরিয়ার দ্রুজ সম্প্রদায়ের জন্য মানবিক সহায়তা পাঠিয়েছে তেল আবিব, যা ইতোমধ্যেই সুয়াইদা প্রদেশে বিতরণ করা হয়েছে।
এদিকে, সিরিয়ার ইদলিব ও আজাজ থেকে বানিয়াস শহরে চিকিৎসা সহায়তা পৌঁছেছে। শহরটিতে কয়েকদিন ধরে চলমান সংঘর্ষে প্রায় ১৪ শ’ মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে। চিকিৎসক দল স্থানীয় হাসপাতালে আহতদের চিকিৎসা দিচ্ছে। এর পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ সরবরাহ করেছে।
সূত্র : বাসস