অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে মধ্যপ্রাচ্যবিষয়ক মার্কিন দূত স্টিভ উইটকফ একটি নতুন প্রস্তাব দিয়েছেন। নতুন প্রস্তাবের বিষয়টি মার্কিন নিউজ ওয়েবসাইট অ্যাক্সিওস প্রথমে প্রকাশ্যে আনলেও প্রতিবেদনে নির্দিষ্ট দিনের কথা উল্লেখ করা হয়নি। তবে ইসরাইলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্ট বৃহস্পতিবার (১৩ মার্চ) জানিয়েছে, উইটকফ ৫০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন।

নাম প্রকাশে অনিইচ্ছুক এক সূত্র জেরুসালেম পোস্টকে জানিয়েছে, ‘উইটকফের কাতার সফরের পর একটি নতুন যুদ্ধবিরতি প্রস্তাবের রূপরেখা উপস্থাপন করেছেন।’

এতে বলা হয়েছে, ‘পরিকল্পনার অধীনে হামাস প্রায় পাঁচজন পণবন্দীকে মুক্তি দেবে এবং পণবন্দীদের লাশও হস্তান্তর করবে। বিনিময়ে ইসরাইল ১ মার্চ থেকে ৫০ দিনের যুদ্ধবিরতিতে অনুমতি দেবে।’

এছাড়াও ৫০ দিনের যুদ্ধবিরতি চলমান থাকা অবস্থায় এটি আরো বর্ধিতকরণের জন্য আলোচনা করা হবে।

এদিকে অ্যাক্সিওস পৃথকভাবে চারটি নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, উইটকফ বুধবার কাতারের রাজধানীতে নতুন প্রস্তাবটি উত্থাপন করেছেন এবং এতে গাজায় মানবিক সহায়তা পুনরায় শুরু করার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

সূত্রগুলো উল্লেখ করেছে, নতুন প্রস্তাবে যুদ্ধবিরতি ২০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। ইসরাইল এ প্রস্তাবে ‘ইতিবাচক প্রতিক্রিয়া’ ব্যক্ত করেছে। মধ্যস্থতাকারীরা দোহায় হামাস কর্মকর্তাদের সাথে দেখা করে প্রস্তাবটি উপস্থাপন করেছেন। তবে উইটকফ কোনো হামাস কর্মকর্তার সাথে দেখা করেননি।

অ্যাক্সিওস বলেছে, প্রস্তাবে হামাসকে প্রথম দিনে কমপক্ষে পাঁচজন পণবন্দী ও প্রায় নয়জনের লাশ স্থানান্তর করার আহ্বান জানানো হয়েছে। যদি দীর্ঘমেয়াদী চুক্তি হয়, তাহলে দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির আগে, বর্ধিত যুদ্ধবিরতির শেষ দিনে বাকি পণবন্দীদের মুক্তি দেয়া হবে। ইসরাইল ও হামাস দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য এই বর্ধিত সময়সীমা ব্যবহার করবে।

সূত্রগুলো জানিয়েছে, মধ্যস্থতাকারীরা এখন হামাসের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছেন।

এদিকে হামাস বৃহস্পতিবার দোহায় কাতার ও মিসরের মধ্যস্থতাকারীদের সাথে আলোচনা পুনরায় শুরু করার ঘোষণা দিয়েছে। মুখপাত্র হাজেম কাসেম নিশ্চিত করেছেন, তার দল যুদ্ধবিরতির সকল পর্যায়ের বাস্তবায়ন নিশ্চিত করতে, যুদ্ধবিরতি সমাপ্ত করতে, ইসরাইলি বাহিনী প্রত্যাহার করতে এবং গাজা পুনর্নির্মাণে ‘ইতিবাচক ও দায়িত্বশীলভাবে’ আলোচনায় এগিয়ে যাচ্ছে।

অপরদিকে ইসরাইলের পাবলিক ব্রডকাস্টার কেএএন বুধবার জানিয়েছে, দোহা আলোচনায় ‘ইতিবাচক পরিবেশ’ রয়েছে। ইসরাইলি প্রতিনিধিদল যুদ্ধবিরতি অনুসরণের জন্য তাদের অবস্থানের মেয়াদ বৃদ্ধি করেছে, যদিও চুক্তিটি মেনে চলতে ইসরাইলিদের অনীহা ছিল।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি