গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা বুধবার জানিয়েছে, ফিলিস্তিনি ভূখণ্ডে মধ্যরাতে ইসরাইলি বিমান হামলায় ১৩ জন নিহত হয়েছেন।

সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে জানিয়েছেন, ইসরাইল বেশ কয়েকটি বিমান হামলা চালালে খান ইউনিস ও গাজা সিটিতে ১৩ জন নিহত এবং নারী ও শিশুসহ আরো কয়েক ডজন আহত হয়েছেন।

ইসরাইল ও ফিলিস্তিনির হামাসের মধ্যে ১৫ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসানের লক্ষ্যে কাতার ও মিসরের মধ্যস্থতায় ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর ইসরাইল মঙ্গলবার গাজা উপত্যকায় সবচেয়ে প্রাণঘাতি হামলাটি চালিয়েছে। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতি বাড়ানোর আলোচনা ভেঙে যাওয়ার পর বোমা হামলায় চার শতাধিকেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এদের বেশিভাগই নারী ও শিশু।

মঙ্গলবার রাতে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সতর্ক করে বলেন, হামলা কেবল শুরু হয়েছে এবং হামাসের সাথে ভবিষ্যতের আলোচনা ‘শুধুমাত্র আক্রমণের মুখেই হবে।’

তিনি এক ভিডিও বার্তায় বলেন, ‘গত ২৪ ঘণ্টায় হামাস ইতোমধ্যেই আমাদের শক্তি অনুভব করেছে। আমি আপনাদের এবং তাদের প্রতিশ্রুতি দিতে চাই যে এটি কেবল শুরু।’

এছাড়াও নেতানিয়াহুর কার্যালয় বুধবার ভোরে বলেছে, ইসরাইলি সরকার উগ্র ডানপন্থী রাজনীতিবিদ ইতামার বেন গাভীরকে জাতীয় নিরাপত্তামন্ত্রী হিসেবে পুনর্নিয়োগের প্রস্তাব সর্বসম্মতভাবে অনুমোদন করেছে।

১৯ জানুয়ারি যুদ্ধবিরতি চুক্তির প্রতিবাদে বেন গাভীর পদত্যাগ করেন। তিনি চুক্তিকে ইহুদি শক্তি দলের ‘হামাসের কাছে আত্মসমর্পণ’ বলে অভিহিত করেছিলেন।

ইসরাইল হামাসের হাতে আটক সকল পণবন্দীকে ফিরিয়ে না দেয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তবে হামাস এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি।

সূত্র : এএফপি/বাসস