ইরাকের রাজধানী বাগদাদ ও দেশটির অন্যান্য প্রদেশের ওপর প্রবল বালুঝড় বয়ে গেছে। এতে শ্বাসকষ্টজনিত সমস্যায় অসুস্থ হয়ে কমপক্ষে তিন হাজার ৭৪৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে মঙ্গলবার জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফ আল-বদর রাষ্ট্রীয় বার্তাসংস্থা আইএনএকে বলেন, ‘সোমবার থেকে এখন পর্যন্ত বাগদাদ ও অন্যান্য প্রদেশের হাসপাতালে কমপক্ষে তিন হাজার ৭৪৭ জনকে ভর্তি করা হয়েছে।’

তিনি বলেন, রোগীর সংখ্যা সবচেয়ে বেশি ছিল বাগদাদ ও দক্ষিণাঞ্চলীয় শহর আল মুথান্নায়। বাগদাদে এক হাজার ১৪ জন এবং আল মুথান্নায় ৮৭৪ জন বালুঝড়ে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন।

মুখপাত্র বলেন, অধিকাংশ রোগীই সুস্থ হয়ে উঠেছেন এবং তাদের অব্যাহতি দেয়া হয়েছে। বালুঝড়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

বদর বলেন, ‘ওষুধ, চিকিৎসা বা অক্সিজেন সরবরাহে আমাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি।’

ইরাকে বালির ঝড় সাধারণ ঘটনা। তবে বিশেষজ্ঞরা মনে করেন জলবায়ু পরিবর্তনের কারণে এগুলো আরো ঘন ঘন হচ্ছে। জাতিসঙ্ঘের গ্লোবাল এনভায়রনমেন্ট আউটলুক অনুসারে, জলবায়ু পরিবর্তনের জন্য ইরাক সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশের মধ্যে পঞ্চমে রয়েছে।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি