গাজায় যুদ্ধবিরতি ভেঙে ইসরাইল নতুন করে হামলা শুরু করেছে। গত ৪৮ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর হামলায় কমপক্ষে ৯৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার গাজায় ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে ভয়াবহ বিমান হামলায় এখন পর্যন্ত অবরুদ্ধ অঞ্চল জুড়ে কমপক্ষে ৯৭০ জন নিহত হয়েছেন।

আক্রমণ পুনরায় শুরু হওয়ার আগে ১৭ মার্চ দুপুরে মন্ত্রণালয়ের রেকর্ড করা ১৫ মাসের গণহত্যার যুদ্ধে নিহতের সংখ্যা ছিল ৪৮ হাজার ৫৭৭ জন। বুধবার দুপুর নাগাদ নিহতের সংখ্যা বেড়ে ৪৯ হাজার ৫৪৭ জনে পৌঁছেছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

এছাড়াও স্বাস্থ্য মন্ত্রণালয়ের রেকর্ড অনুযায়ী, জাতিসঙ্ঘে কর্মরত বিদেশী কর্মীদের মধ্যে একজন নিহত ও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। এতে বলা হয়েছে, ইসরাইল বুধবার গাজা উপত্যকার মধ্যাঞ্চলীয় দেইর আল-বালাহে জাতিসঙ্ঘের সদর দফতরে হামলা চালিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের আল-আকসা শহীদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ইসরাইলি সেনাবাহিনী গাজায় জাতিসঙ্ঘ ভবনে হামলার কথা অস্বীকার করলেও জাতিসঙ্ঘের প্রকল্প পরিষেবা অফিস (ইউএনওপিএস) দেইর আল-বালাহে তাদের ভবনে আঘাত করা একটি বিস্ফোরকে একজন কর্মীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

ইউএনওপিএস জানায়, ‘একটি বিস্ফোরক বোমা ভবনে ফেলা হয় এবং ভবনের ভিতরে বিস্ফোরণ ঘটে।’ এতে আরো পাঁচজন আহত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

ইউএনওপিএসের নির্বাহী পরিচালক জর্জ মোরেরা দা সিলভা বলেন, ‘এটি কোনো দুর্ঘটনা ছিল না। মানবিক স্থাপনার বিরুদ্ধে আক্রমণ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।’

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার হুমকি দিয়েছেন, গাজায় ইসরাইলের আক্রমণ কেবল শুরু। তার বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ ও জাতিগত নির্মূলের অভিযোগ রয়েছে।

সূত্র : প্রেস টিভি