প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি’র সাথে ন্যাশনাল সিমেন্ট মিলস লিমিটেড (এনসিএমএল) ও প্রিমিয়ার পাওয়ার জেনারেশন লিমিটেড (পিপিজিএল) একীভূত করতে প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ মে) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রামের সিটি হলে এ সভা অনুষ্ঠিত হয়।

জানা যায়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের ২৪ মার্চ ২০২৫ তারিখের কোম্পানি ম্যাটার নম্বর ৫২৩অব২০২৫- এ প্রদত্ত আদেশ অনুসারে এ সভার আহ্বান করা হয়।

সভায় প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি’র সাথে হস্তান্তরকারী কোম্পানি দুটির একত্রীকরণ বিষয়ে প্রস্তাবিত আমালগামেশন স্কিম সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। এতে ১৯৯৪ সালের কোম্পানি আইন অনুসারে হস্তান্তরকারী কোম্পানিগুলোর সম্পদ ও দায়সহ যাবতীয় কার্যক্রম হস্তান্তরিত হয়। একইসাথে প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি বিদ্যমান ও কার্যকর প্রতিষ্ঠান হয়ে উঠে।

সভায় কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ মোস্তফা হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিরুল হক। এ সময় তিনি প্রস্তাবিত স্কিমের উদ্দেশ্য ও প্রভাব নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করেন।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার। এ সময় তিনি দেশের সৎ উদ্যোক্তাদের পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার মাধ্যমে শিল্প খাতের উন্নয়নে অংশ নেয়ার আহ্বান জানান।

সভায় আরো উপস্থিত ছিলেন- কোম্পানির পরিচালক মো: আলমগীর কবির, মোহাম্মদ এরশাদুল হক, স্বতন্ত্র পরিচালক ফখরুল ইসলাম ও এ কে এম দেলোয়ার হোসেন। এছাড়া চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো: সেলিম রেজা, এফসিএ ও কোম্পানি সেক্রেটারি কাজী মোহাম্মদ সফিকুর রহমান উপস্থিত ছিলেন।

সভা শেষে সবাইকে ধন্যবাদ জানান পরিচালক আলমগীর কবির।