৫০০ কোটি টাকা মূল্যমানের একটি জিরো কুপন বন্ড ইস্যু করার ঘোষণা দিয়েছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় এফএমসিজি’র (ফাস্ট মুভিং কনজিউমার গুডস) প্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড (এএফবিএল)। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদনের পরিপ্রেক্ষিতে এ ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।

জানা যায়, পাঁচ বছর মেয়াদি এ বন্ডটির এএফবিএল’র চলমান সম্প্রসারণ কার্যক্রমকে সহায়তা করা, বাণিজ্যিক কার্যক্রমে গতি আনা, নগদ অর্থ ব্যবস্থাপনা জোরদার করা ও প্রচলিত ব্যাংক ঋণের বাইরে বিকল্প অর্থায়নের উৎস থেকে মূলধন সংগ্রহ করাই মূল লক্ষ্য।

এ পদক্ষেপ এএফবিএল’র দূরদর্শী আর্থিক কৌশলের প্রতিফলন এবং একইসাথে দেশের ক্রমবর্ধমান বিনিয়োগকারীদের জন্য একটি নিরাপদ ও নতুন ধরনের বিনিয়োগ মাধ্যম হিসেবেও বিবেচিত হচ্ছে।

সম্প্রতি এএফবিএল’র প্রধান কার্যালয়ে ‘সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে। চুক্তিপত্রে আকিজ ফুড অ্যান্ড বেভারেজের ব্যবস্থাপনা পরিচালক শেখ শামীম উদ্দিন (ইস্যুয়ার), নর্থ স্টার ইনভেস্টমেন্ট‘র চেয়ারম্যান মো: মিনহাজ জিয়া (এরেঞ্জার), লায়ন সিটি অ্যাডভাইজরি লিমিটেডের চেয়ারম্যান জুয়াং লিফেং (অ্যাডভাইজার), আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেসবাহ উদ্দিন আহমেদ (ট্রাস্টি) স্বাক্ষর করেন। এ সময় প্রতিষ্ঠানগুলোর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এএফবিএল’র বাজার নেতৃত্ব এর আগেও আরো একবার প্রতিষ্ঠিত হয় যখন প্রতিষ্ঠানটির প্রধান পানীয় ব্র্যান্ড মোজো ২০২৪ সালে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের জরিপে ‘মোস্ট লাভড ব্র্যান্ড’-এর স্বীকৃতি পায়। একইসাথে বিকল্প কার্বনেটেড সফট ড্রিংক (সিএসডি) ক্যাটাগরিতে স্পিড-ও পায় ‘মোস্ট লাভড ব্র্যান্ড ২০২৪’ খেতাব, যা প্রতিষ্ঠানের ব্র্যান্ড শক্তি এবং ভোক্তা হৃদয়ে অবস্থানকে প্রমাণ করে।

এ বন্ড ইস্যুর মাধ্যমে এএফবিএল দেশের শিল্প খাতে উদ্ভাবন ও পুঁজিবাজারের বিকাশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যা প্রমাণ করে, এএফবিএল কেবল একটি প্রতিষ্ঠানই নয় বরং বাংলাদেশের গর্বিত এফএমসিজি খাতের অন্যতম অগ্রদূত।