জনবহুল দেশ বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে কাঙ্ক্ষিত বাণিজ্য লক্ষ্য অর্জনে দুই দেশের ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

তিনি বলেন, ‘বাংলাদেশ-পাকিস্তানের বিজনেস ফোরাম দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক শক্তিশালী ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

আজ সোমবার ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ-পাকিস্তান বিজনেস ফোরামের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘পাকিস্তান ও বাংলাদেশ জনবহুল দেশ হওয়া সত্ত্বেও দুই দেশের মধ্যে যে বাণিজ্য- তা প্রত্যাশিত নয়। কাঙ্ক্ষিত বাণিজ্য লক্ষ্য অর্জনে দুই দেশের ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে।’

শেখ বশিরউদ্দীন বলেন, ‘দুই দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বাণিজ্য সংস্থাগুলোর মধ্যে সংযোগ স্থাপন, বাণিজ্য প্রসার এবং বিনিয়োগের সুযোগ অন্বেষণের প্ল্যাটফর্ম হিসেবে এটি কাজ করবে।’

এসময় তিনি দুই দেশের জনগণের মধ্যে সংযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ-পাকিস্তান এই দুই দেশের মধ্যে শুল্ক ও অশুল্ক বাধা নিয়ে আলোচনার পাশাপাশি সেগুলো কিভাবে যৌক্তিক করা যায়, সেটি আমাদের বের করতে হবে।’

দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদার করতে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সাথে পাকিস্তান রেডিমেড গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (পিআরজিএমইএ) সমঝোতা স্মারক সই হয়।

বিজিএমইএয়ের পক্ষে প্রশাসক ও বাংলাদেশ এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মো: আনোয়ার হোসেন ও পিআরজিএমইএ ভাইস চেয়ারম্যান আমির রিয়াজ ছোট্টানি সমঝোতা স্মারকে সই করেন।

এ সময় বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ, এফবিসিসিআইর প্রশাসক মো: হাফিজুর রহমান ও বিকেএমইএয়ের সভাপতি মোহাম্মদ হাতেম উপস্থিত ছিলেন। সূত্র : ইউএনবি।