ঢাকায় তিন দিনব্যাপী ‘সেফ এইচভিএসিআর এবং কোল্ড চেইন ২০২৫’ শীর্ষক আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় (আইসিসিবি) প্রদর্শনীর উদ্বোধন করেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের আয়োজনে প্রদর্শনীটি আগামী শনিবার পর্যন্ত সব দর্শনার্থীর জন্য প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। এইচভিএসিআর এবং কোল্ড চেইনের সাথে সংশ্লিষ্ট দেশী ও বিদেশী প্রতিষ্ঠানগুলো এই প্রদর্শনীতে অংশগ্রহণ করছে।
অনুষ্ঠানে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, ঢাকাস্থ তুরস্ক দূতাবাসের বাণিজ্যিক কাউন্সেলর বিলাল বেলিউট, চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ-এর ট্রেড অ্যান্ড সার্ভিসেস ব্রাঞ্চ সভাপতি হান জিংচাও, আমেরিকান সোসাইটি অব হিটিং, রেফ্রিজারেটিং এবং এয়ার-কন্ডিশনিং ইঞ্জিনিয়ার্সের (এএসএইচআরএই) বাংলাদেশ চ্যাপ্টার সভাপতি নুর আলম, সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মো: হাসমতুজ্জামান ও সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: ফায়জুল আলম উপস্থিত ছিলেন।
এইচভিএসিআর এবং কোল্ড চেইন শিল্পের ওপর বড় ধরনের প্রদর্শনী এটি। এখানে কোল্ড চেইন এবং কোল্ড স্টোরেজে নানা প্রযুক্তি, অবকাঠামো নির্মাণ ও এইচভিএসিআর সংশ্লিষ্ট যত পণ্য ও সল্যুশন সার্ভিসেস প্রতিষ্ঠান আছে, তারা অংশগ্রহণ করেছে। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রজেক্ট ও প্রতিষ্ঠান থেকে দর্শনার্থীরা প্রদর্শনীতে আসছেন। তারা এখানে অনেকগুলো পণ্য ও সল্যুশন সার্ভিস দেখার সুযোগ পাচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, ‘দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করছেন কোল্ড চেইন উদ্যোগক্তারা। তারা আমের পাল্প, টমেটো, গাজর, মাংস, খেজুরসহ বিভিন্ন পণ্য সংরক্ষণের মাধ্যমে কৃষি অর্থনীতে বিশেষ ভূমিকা রাখছে। পেঁয়াজ সংরক্ষণের জন্য কোরিয়ান একটি প্রতিষ্ঠান এগিয়ে এসেছে।’
বক্তারা দেশের পচনশীল পণ্যের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে সরবরাহ ঠিক রাখতে কোল্ড চেইন ব্যবস্থার উন্নয়নের দাবি জানান। তারা বাংলাদেশের কৃষি ও খাদ্যখাতে কোল্ড চেইন অবকাঠামোর গুরুত্ব তুলে ধরেন।