ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে নীলফামারীতে র্যাবের ক্রসফায়ারে নিহত যুবদল নেতা গোলাম রব্বানীর পরিবারকে ঈদ উপহার প্রদান করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (২৬ মার্চ) দুপুরে নীলফামারী সদর উপজেলার লক্ষীচাপ ইউনিয়নের রব্বানীর পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ ও ঈদের খাদ্য সামগ্রী তুলে দেন জেলা যুবদলের নেতা-কর্মীরা।
এ সময় জেলা যুবদলের সভাপতি এ এইচ এম সাইফুল্লাহ রুবেল, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি মোস্তফা প্রধান হক বাচ্চু, মীর সেলিম ফারুক, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান কোকো প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৪ সালের ১৩ ডিসেম্বর তৎকালীন সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূরের গাড়ীবহরে হামলার ঘটনাকে কেন্দ্র করে এমপি আসাদুজ্জামান নূরের নির্দেশনায় যুবদল নেতা গোলাম রাব্বানীকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় র্যাব। এর কয়েকদিন পর তার গুলিবিদ্ধ লাশ নীলফামারী ডোমার সড়কের নটখানা এলাকার একটি জঙ্গল থেকে উদ্ধার করা হয়।