মুক্তিযোদ্ধাদের ব্যানারে তৈরি করা নতুন প্ল্যাটফর্ম ‘মঞ্চ ৭১’ আয়োজিত অনুষ্ঠান ঘিরে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতি সামাল দিতে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও আওয়ামী লীগের কয়েকজন নেতাকে আটক করেছে পুলিশ। পরে তাদের কয়েকজনকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) থেকে তাকে আটক করা হয়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর খালিদ বলেন, ‘লতিফ সিদ্দিকীসহ পাঁচ-ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।’
এর আগে সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে ‘মঞ্চ ৭১’। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেনের।
বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বলেন, ‘আমি একজন অংশগ্রহণকারী। দল-মতের সব মুক্তিযোদ্ধাদের ডাকা হয়েছে, এসেছি। আমরা প্রোগ্রাম শুরু করেছিলাম। লতিফ সিদ্দিকী সাহেব এসেছেন, কামাল হোসেন সাহেব আসেননি। ২০-২৫ জন ছেলে এসে হট্টগোল করে, আমাদের ঘিরে ফেলে, তবে কারো গায়ে হাত দেয়নি।’