জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, রাজনৈতিক দলগুলোর সাথে প্রাথমিক আলোচনায় নতুন প্রস্তাব আসছে, যা নিয়ে সংশ্লিষ্ট কমিশনগুলোর সাথে তারা আবার আলোচনা করবেন। এরপর মে মাসের মাঝামাঝি দলগুলোর সাথে দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু করতে পারবেন বলেও আশা প্রকাশ করেছেন তিনি।
সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন ও দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলের সাথে সংলাপ করছে ঐকমত্য কমিশন।
এর আগে, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বিভিন্ন বিষয়ে মোট ১১টি কমিশন গঠন করেছিলেন। এর মধ্যে প্রথম পর্যায়ে গঠিত পাঁচটি কমিশনের সুপারিশগুলোর ওপর মতামত চেয়ে রাজনৈতিক দলগুলোকে দিয়েছিল ঐকমত্য কমিশন।
অধ্যাপক আলী রীয়াজ তৃতীয় দিনের সংলাপের সূচনা বক্তব্যে জানান, মোট ৩৫টি দলের কাছ থেকে তারা মতামত পেয়েছেন এবং বিএনপিসহ ১৫টি দলের সাথে তাদের প্রাথমিক আলোচনা এখন প্রায় শেষ পর্যায়ে আছে। তিনি আশা করেছেন, আজকেই বিএনপির সাথে তাদের প্রাথমিক আলোচনা শেষ হবে।
তিনি বলেন, ‘প্রথম পর্যায়ের বিষয়ে আলোচনায় বিএনপির সাথে কমিশনগুলোর সুপারিশের সাথে কিছু বিষয়ে সামঞ্জস্য আছে, আবার বেশ কিছু বিষয়ে মতভিন্নতাও আছে। বিএনপি বলেছে, মতভিন্নতার বিষয়ে ক্ষেত্র বিশেষে তারা নীতি নির্ধারকদের কাছে যাবেন ও আলোচনা করে আমাদের জানাবেন।’
আলী রীয়াজ বলেন, ‘একটি ঐতিহাসিক মুহূর্তে আমরা উপস্থিত। এসব সুপারিশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বা কোনো সিদ্ধান্ত কেবলমাত্র এই টেবিল থেকে হতে পারবে না। সংশ্লিষ্ট দলগুলোর ক্ষেত্রে তাদের নীতিনির্ধারকরা নিঃসন্দেহে অংশগ্রহণ করবেন।’
সূত্র : বিবিসি