ষড়যন্ত্রকারী ও আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্র থেমে নেই মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, ‘অনেক ত্যাগ ও কোরবানির পর দেশে সুন্দর একটি পরিবেশ সৃষ্টি হয়েছে। এ সুযোগকে কাজে লাগিয়ে শোষণমুক্ত কল্যাণরাষ্ট্র গঠনে সকলকে ময়দানে আপোষহীন ভূমিকা পালন করতে হবে।’

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাজধানীর উত্তরায় পলওয়েল কমিউনিটি সেন্টারে কেন্দ্রঘোষিত দাওয়াতি পক্ষ উপলক্ষ্যে এক দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় সমাবেশে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, ডা: ফখরুদ্দীন মানিক ও ইয়াছিন আরাফাত, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসেন ও জিয়াউল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

সেলিম উদ্দিন বলেন, ‘স্বাভাবিক কারণেই জামায়াতকে নিয়ে জনগণের প্রত্যাশা বেড়েছে। আত্মসচেতন জনতা জামায়াতের নেতৃত্বেই দেশকে একটি ইসলামী কল্যাণরাষ্ট্রে পরিণত করার স্বপ্ন দেখছেন। জনগণ মনে করছে, এ সংগঠনের মাধ্যমেই তাদের অধিকার বাস্তবায়ন সম্ভব হবে। তাই আমাদের উচিত সাধারণ মানুষের আবেগ, অনুভূতি ও প্রত্যাশাকে সম্মান প্রদর্শন করে তাদেরকে সাথে নিয়ে দেশে ন্যায় ও ইনসাফের সমাজ প্রতিষ্ঠার আন্দোলনকে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানোর সর্বাত্মক প্রচেষ্টা চালানো।’

তিনি বলেন, ‘দেশে ইসলামী আন্দোলনের জন্য ইতিবাচক পরিবেশ সৃষ্টি হলেও তা এখনো পুরোপুরি স্বস্তিদায়ক হয়নি। দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে সাধারণ মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করা গেলেও ষড়যন্ত্রকারী ও আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্র থেমে নেই বরং তাদের ঘুম ইতোমধ্যেই হারাম হয়ে গেছে।’

তিনি আরো বলেন, ‘ইসলামের অগ্রযাত্রা থামানোর জন্য নানাবিধ চক্রান্ত ও অপতৎপরতা অব্যাহত রেখেছে। তাই আমাদেরকে আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ নেই বা প্রতিপক্ষকে কোনোভাবেই দুর্বল মনে করা যাবে না। তাই দেশ, জাতি ও ইসলামবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। অন্যথায় ফ্যাসিবাদ নতুন করে মাথাছাড়া দিয়ে উঠবে।’