বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, আমাদের মনে হচ্ছে, সরকার নির্বাচন দিতে একটু পিছপা হচ্ছে।
আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী তরুণ দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের ও দ্রুত নির্বাচনের দাবিতে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জয়নুল আবদিন ফারুক বলেন, শেখ হাসিনাকে সংস্কার না করে দেশের মানুষকে সংস্কার করলে ভালো হয়। বিএনপি ধৈর্যশীল ও তারেক রহমানের কথা মানার দল। গত ১৭ বছর ধরে বিএনপিসহ গণতন্ত্রকামি দলগুলো আন্দোলন করেছে গণতান্ত্রিক নির্বাচনের জন্য।
তিনি বলেন, প্রফেসর ইউনূস দেশের একজন গ্রহণযোগ্য ব্যাক্তি। আপনার কাছে আমাদের অনেক আশা-ভরসা। ক্ষমতা গ্রহণের নয় মাস পার হলো, এখন কেন করিডোরের প্রশ্ন আসে? অথচ দেশের যে সংস্কার প্রয়োজন, তা তারেক রহমান অনেক আগেই দিয়ে দিয়েছে। অত বড় বড় সংস্কার না দিয়ে, তার বিপরীতে দেশের মানুষ আপনার কাছে আশা নিয়ে রয়েছে। দেশে হাসিনার মনোনীত নির্বাচন কমিশনের অধীনের আর কোনো ভোট হবে না। এখন আপনার মধ্য দিয়েই দেশের মানুষ একটি সুষ্ঠু নির্বাচন চায়। কিন্তু আমাদের মনে হচ্ছে, নির্বাচন দিতে যেন একটু পিছপা হচ্ছেন।
বিরোধীদলের সাবেক এই চিফ হুইপ বলেন, আমরা আপনাকে নিয়ে অহঙ্কার করি, সেই অহঙ্কারকে চূর্ণ-বিচূর্ণ করবেন না। পাথরের ধাক্কা না খেলে নদী দিক পরিবর্তন করে না। তাই জনগণের রোষানলে পড়ার আগে নির্বাচনের ব্যবস্থা করুন।
ফারুক বলেন, জিয়াউর রহমানের মতো নেতাকে হাসিনা অপমান করেছে। তার স্ত্রী, সন্তানের প্রতি দিনের পর দিন অত্যাচার করেছে।
তিনি বলেন, বিএনপি সংযমের দল। তবে বিএনপির মনে একটা কষ্ট এখন আছে। এত আন্দোলন, পরিশ্রমের পর নয় মাস অতিবাহিত হওয়ার আগে নির্বাচন আশা করেছিলাম।
সরকার নির্বাচন দিতে পিছপা হচ্ছে : ফারুক
দেশে হাসিনার মনোনীত নির্বাচন কমিশনের অধীনের আর কোনো ভোট হবে না।