অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দলের যুগ্ম সদস্য সচিব পদ থেকে গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার এনসিপি'র অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়েছে।
সাময়িক অব্যাহতির পাশাপাশি অভিযুক্ত তানভীরকে স্থায়ীভাবে কেন বহিষ্কার করা হবে না, সেটি জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিস পাঠানো হয়েছে।
সাত দিনের মধ্যে তাকে লিখিতভাবে অভিযোগের বিষয়ে নিজের ব্যাখ্যা জানাতে বলেছে এনসিপি।
তানভীরের বিরুদ্ধে জেলা প্রশাসক নিয়োগে 'অবৈধ হস্তক্ষেপ’ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) বই ছাপার কাগজে ‘কমিশন বাণিজ্যে’র অভিযোগে রয়েছে।
সম্প্রতি একটি জাতীয় দৈনিকে এ সংক্রান্ত একটি খবরও প্রকাশিত হয়েছে। এমন পরিস্থিতিতে তানভীরকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দিয়ে কারণ দর্শানোর নোটিস দিল এনসিপি।
সূত্র : বিবিসি