দুর্নীতি, হত্যা ও মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্ত আওয়ামী লীগ নেতাদের মধ্যে যারা বিদেশে পালিয়ে রয়েছেন, তাদের ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে ‘প্রত্যাবাসন’ চাওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সোমবার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
‘যারা যারাই অভিযুক্ত, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, খুনের মামলা আছে তাদের ব্যাপারে আমরা সিরিয়াস এবং প্রত্যেকের আমরা প্রত্যাবাসন চাইব। তাদের বাংলাদেশের আইনের মুখোমুখি হতে হবে। তাদের আইনের আওতায় আনা আমাদের এবং পরবর্তী সরকারের নৈতিক দায়িত্ব,’ সাংবাদিকদের বলেন আলম।
সংবাদ সম্মেলনে নারী বিষয়ক সংস্কার কমিশন নিয়ে ইসলামপন্থী কিছু দলের আপত্তির বিষয়ে সরকারের প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা।
জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ‘প্রতিবেদনটি ঐকমত্য কমিশনে যাবে। তা নিয়ে তারা রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলবেন। কারণ অনেকগুলো বিষয় রাজনৈতিকভাবে আলাপ-আলোচনার বিষয়। রাজনৈতিক দলগুলোই সিদ্ধান্ত নেবে আমরা প্রতিবেদনের কতটুকু নেব, কতটুকু নেব না।’
সূত্র : বিবিসি