বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে লিখিতভাবে কয়েক মাস আগে প্রধান উপদেষ্টাকে দিয়েছি, মৌখিকভাবে দিয়েছি, বিভিন্ন সভা-সেমিনারে বক্তব্য রেখেছি। আমাদের শাহবাগে গিয়ে এ কথা বলতে হবে কেন? আমরা শাহবাগে কেন যাব?
আজ রোববার রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে ‘নাগরিক কোয়ালিশন সেমিনার’ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ ইজ নো মোর পলিটিক্যাল পার্টি। আওয়ামী লীগ একটা মাফিয়া পার্টি, এটা একটা ফ্যাসিবাদী দল। সুতরাং রাজনৈতিক তকমা দিতে চাই না। আওয়ামী লীগের ডিএনএতেই গণতন্ত্র নাই, গণতন্ত্রের চর্চা নাই।
তিনি বলেন, আমার মনে হয় সন্ত্রাসী বিরোধী আইনে একটু সংশোধনী আনতে হবে, এজন্য এটি করে, বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করবে, আমরা সেটিকে স্বাগত জানিয়েছি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে পৃথিবী কি আর স্বীকৃতি দেয়, দেশের মানুষ কি স্বীকৃতি দেয়? আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী শক্তি। আওয়ামী লীগ একটি মাফিয়াতন্ত্রে পরিণত হয়েছিল। আওয়ামী লীগ দীর্ঘদিন ফ্যাসিবাদ ও মাফিয়াতন্ত্রের চর্চা করেছে বাংলাদেশের মানুষের ওপরে। তাদের অত্যাচার, নিপীড়ন, গণহত্যার মধ্য দিয়ে তাদের পরিসমাপ্তি ঘটিয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, আমি আশঙ্কা করছি, গণতন্ত্র উত্তরণের পথ পরিক্রমায় যদি কোনো দীর্ঘায়িত পদক্ষেপ ও কৌশল নেয়া হয়। হয়তো সরকারকে বিব্রত অবস্থায় পড়তে হতে পারে।