ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরো আট সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।
আজ শনিবার রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির উপকমিশনার (মিডিয়া) তালেবুর রহমান।
গ্রেফতাকৃতরা হলেন কামরাঙ্গীরচর থানার ৫৭ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ শহিদ (৪১), বংশাল থানা ৩৩ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি মো: জিয়া মিয়া (৪৫), ২৮ নম্বর ওয়ার্ড শেরে বাংলা নগর থানা আওয়ামী লীগের সহসভাপতি মো: আব্দুর রব পাটোয়ারী (৫০), ২৮ নম্বর ওয়ার্ড যুবলীগ ও শেরে বাংলা নগর থানার সহসভাপতি মো: কবির হোসেন ওরফে পানি কবির (৩৫), ৪৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের ৪৮ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক প্রার্থী এম কে আজিম, মহানগর উত্তর তুরাগ থানা কৃষক লীগ নেতা মো: দেলোয়ার হোসেন (৪২), বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রায়হান আহমেদ (৪৩) ও বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও সাবেক স্বেচ্ছাসেবক লীগের রামপুরা থানার সভাপতি মোহাম্মদ কামরুল ইসলাম খান লিটু (৪৫)।
গ্রেফতারদের বিরুদ্ধে নানাভাবে সংঘবদ্ধ হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলে অংশগ্রহণের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করার অভিযোগ রয়েছে।
তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
সূত্র : ইউএনবি