পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি শেষে আগামী সোমবার খুলছে সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, বিমা ও শেয়ারবাজার। দীর্ঘ ছুটি শেষে আবারো স্বাভাবিক কার্যক্রমে ফিরছে কর্মজীবী মানুষ।
সরকার আগে থেকেই ঈদ উপলক্ষে ছয় দিনের ছুটি নির্ধারণ করেছিল। পরে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নির্বাহী আদেশে আরো একদিন ছুটি বাড়ানো হয়। ফলে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের ছুটি ভোগ করেছেন চাকরিজীবীরা। এর আগে ২৩ মে শনিবার অফিস খোলা ছিল।
ছুটির তালিকা অনুযায়ী, ২৬ ও ২৭ মে ঈদের আগে দু’দিন এবং ২৯ থেকে ৩১ মে ঈদের পর তিনদিন ছুটি ছিল। ২৮ মে ঈদুল আজহার দিন সাধারণ ছুটি হিসেবে নির্ধারিত ছিল। এভাবে মোট সাত দিনের ছুটি শেষে সোমবার থেকে আবার নিয়মিত কার্যক্রম শুরু হচ্ছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের উপ-মহাব্যবস্থাপক মো: শফিকুর রহমান জানান, সরকারের ছুটির সাথে মিলিয়ে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ডিএসইর সব ধরনের অফিস ও ট্রেডিং কার্যক্রম বন্ধ ছিল। ছুটি শেষে ১ জুন থেকে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চলবে।
তবে জরুরি পরিষেবা যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং হাসপাতালসহ চিকিৎসাসেবা সংশ্লিষ্ট কর্মীরা ছুটির আওতার বাইরে ছিলেন। এসব সেবা কার্যক্রম ছুটির সময়ও স্বাভাবিকভাবে চলেছে।