দেশের তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার লক্ষ্যে সরকার গৃহীত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭’ কর্মসূচির প্রচার ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে, দেশের সকল স্তরের মাদরাসায় ড্রপ ডাউন ব্যানার প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার মাদরাসা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের নির্দেশনা মোতাবেক দেশের ক্রীড়া উন্নয়নে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে তৃণমূল পর্যায় থেকে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু—কিশোরদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি গ্রহণ করেছে।

প্রধানমন্ত্রী গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে শুভ উদ্বোধনের মধ্য দিয়ে দেশব্যাপী এই কার্যক্রম শুরু হয়েছে।

কর্মসূচির আওতায় ১০টি ইভেন্টে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা আগামী সেপ্টেম্বর ২০২৬-এ শুরু হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আগামী ৩১ আগস্ট পর্যন্ত রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান থাকবে।

বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির ব্যাপক প্রচার ও শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সকল শিক্ষাপ্রতিষ্ঠানের দর্শনীয় স্থানে ড্রপ ডাউন ব্যানার প্রদর্শনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য মাদরাসার অধ্যক্ষ, সুপার, প্রতিষ্ঠান প্রধান ও পরিচালনা কমিটিকে নির্দেশ দেয়া হয়েছে। সূত্র : বাসস