ভাষা আন্দোলনের অন্যতম অগ্রণী সৈনিক, গবেষক ও প্রাবন্ধিক আহমদ রফিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
আজ শুক্রবার এক শোকবার্তায় তিনি বলেন, ‘ভাষা আন্দোলনের একজন সংগ্রামী সৈনিক হিসেবে আহমদ রফিক মাতৃভাষার মর্যাদা রক্ষার সংগ্রামে অবিস্মরণীয় ভূমিকা রেখেছেন। সমাজচিন্তা, সাহিত্য ও সংস্কৃতিতে তার অবদান অনন্য। তিনি আজীবন মুক্তচিন্তা, মানবিক মূল্যবোধ ও প্রগতির পক্ষে কলম চালিয়েছেন এবং প্রজন্মকে অনুপ্রেরণা দিয়েছেন।’
তিনি আরো বলেন, ‘আহমদ রফিকের প্রয়াণে জাতি এক সত্যিকারের জ্ঞানী মানুষকে হারাল। তবে তার চিন্তা, কর্ম ও আদর্শ ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখাবে।’ উপদেষ্টা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ১০টা ১২ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালের আইসিইউতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।