বাজার মনিটরিং ব্যবস্থাকে আরো কার্যকর, সমন্বিত ও প্রযুক্তিনির্ভর করার ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্য সচিব মো: আতাউর রহমান খান। এজন্য তিনি সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয়, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং টিম লিডারদের নেতৃত্বের দক্ষতা বাড়ানোর ওপর জোর দেন।
রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘বাজার মনিটরিং কাজে নিয়োজিত টিম লিডারদের দক্ষতা বৃদ্ধি’ বিষয়ক কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাণিজ্য সচিব বলেন, বাজার তদারকির সাথে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানই একটি অভিন্ন লক্ষ্য নিয়ে কাজ করছে। এখানে সক্ষমতার ঘাটতির চেয়ে বড় চ্যালেঞ্জ হলো কার্যকর সমন্বয়, পারস্পরিক সহযোগিতা এবং মাঠপর্যায়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ নিশ্চিত করা।
আতাউর রহমান বলেন, ‘মোটিভেশন শুধু একটি ধারণা নয়। এটিকে বাস্তব কর্মপরিকল্পনার মাধ্যমে মাঠপর্যায়ে প্রয়োগ করতে হবে। অভিজ্ঞতা বিনিময় এবং কার্যকর কর্মপদ্ধতির মাধ্যমে বাজার ব্যবস্থাপনাকে আরো গতিশীল করা সম্ভব।’
তিনি বলেন, বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করে বাণিজ্য মন্ত্রণালয় এবং এর অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এছাড়া সরকারের আরো কয়েকটি মন্ত্রণালয়, দফতর ও সংস্থা এ কার্যক্রমে যুক্ত রয়েছে। বাস্তবে বাজারে শৃঙ্খলা নিশ্চিত করা সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বিত দায়িত্ব। মাঠপর্যায়ে দ্রুত উপস্থিতি, সমন্বিত কার্যক্রম এবং দায়িত্বশীলভাবে কাজ সম্পন্ন করাই এ ব্যবস্থার মূল শক্তি।
টিম লিডারদের উদ্দেশে বাণিজ্য সচিব বলেন, নেতৃত্ব হতে হবে দক্ষ, সময়োপযোগী ও ফলাফলনির্ভর। মাঠপর্যায়ে যেকোনো সমন্বয়হীনতা দ্রুত দূর করে কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে হবে।
তিনি আরো বলেন, প্রতিটি বিভাগের ছোট ছোট সফল উদ্যোগ সামগ্রিক বাজার ব্যবস্থাপনাকে শক্তিশালী করে। তাই প্রতিটি কর্মকর্তার পেশাদারিত্ব ও দায়িত্বশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দেশের বাজার মনিটরিং ব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের পরিকল্পনার কথা তুলে ধরেন সচিব।
মো: আতাউর রহমান বলেন, মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শিগগিরই একটি পাওয়ার অ্যাপ উন্নয়ন, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) মডেল চালু এবং বিদ্যমান বাজার মনিটরিং অ্যাপ আরো উন্নত ও কার্যকর করার উদ্যোগ নেয়া হবে। এর মাধ্যমে মাঠপর্যায়ে বাজার নজরদারি আরো জোরদার হবে।
কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইআইটি) শিবির বিচিত্র বড়ুয়া। এছাড়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ভারপ্রাপ্ত মহা-পরিচালক সেবাস্টিন রেমাসহ বাণিজ্য মন্ত্রণালয় ও অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র : বাসস