ফাউন্ডেশনের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ও প্রতারক চক্রের আর্থিক লেনদেনের ফাঁদ থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
রোববার ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনের নাম ব্যবহার করে ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬’ শিরোনামে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করা হচ্ছে।
প্রচারিত ওই নিয়োগ বিজ্ঞপ্তিটি তাদের নজরে এসেছে এবং এটি সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন। এ নিয়োগ বিজ্ঞপ্তির সাথে ইসলামিক ফাউন্ডেশনের কোনো সম্পর্ক নেই।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক যেকোনো নিয়োগ বিজ্ঞপ্তি অফিসিয়াল ওয়েবসাইট ও জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এ ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে এক শ্রেণির প্রতারক চক্র নিয়োগের প্রলোভন দেখিয়ে জনগণকে প্রতারিত করছে। এ বিষয়ে সতর্ক থাকা এবং প্রতারক চক্রের সাথে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়েছে। সূত্র : বাসস