যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক আজ মতিঝিল সংলগ্ন যুব ভবনে দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত উদীয়মান ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়-এর চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার চেক প্রদান করেছেন।
রোববার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে হৃদয়ের চিকিৎসার ব্যয়ভার বহনের অংশ হিসেবে ৫ লাখ টাকার একটি চেক তার বাবা আবুল কাসেমের হাতে তুলে দেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ক্রিকেটার মেহেদী হাসান হৃদয় এক দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত। এই সংক্রান্ত একটি ছোট ভিডিও ক্লিপ প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নজরে আসে। বিষয়টি তার দৃষ্টিগোচর হওয়া মাত্রই তিনি দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য আমাদের নির্দেশ প্রদান করেন। প্রধানমন্ত্রীর সদয় নির্দেশনা অনুযায়ী আমরা হৃদয়ের পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করেছি।
প্রতিমন্ত্রী আরো জানান, ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকেও হৃদয়ের জন্য প্রয়োজনীয় সাহায্যের ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরো বলেন, মেহেদী হাসান হৃদয় সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তার পাশে থাকবে। প্রতিমন্ত্রী এ সময় হৃদয়ের দ্রুত সুস্থতা কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত যুব ও ক্রীড়া সচিব মো: মাহবুব-উল-আলম বলেন, অসুস্থ ক্রীড়াবিদদের পাশে থাকা আমাদের অন্যতম দায়িত্ব। আজকের এই অনুদান একটি প্রতীকী উদ্যোগ মাত্র। দেশের যেকোনো ক্রীড়াবিদের সঙ্কটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এ ধরনের মানবিক কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। সূত্র : বাসস