রাঙ্গামাটির কাপ্তাই লেকে অবৈধ মাছ শিকার বিরোধী অভিযানে চারটি নৌকাসহ ২০ হাজার বর্গফুট জাল জব্দ করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)।
বৃহস্পতিবার বিএফডিসি কাপ্তাই উপকেন্দ্রের উপ-ব্যবস্থাপক মো: জসিম উদ্দিন বলেন, গতকাল বুধবার দিবাগত রাত ২টা থেকে আজ দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিলাইছড়ি উপজেলার বিলাইছড়ি বাজার ও বহলতলী বাজারসংলগ্ন কাপ্তাই লেকে অভিযান পরিচালনা করে চারটি সাধারণ নৌকা, ১৮ হাজার বর্গফুট সুতার জাল এবং ২ হাজার বর্গফুট কারেন্ট জাল জব্দ করা হয়।
তিনি জানান, জব্দ করা চারটি সাধারণ নৌকা, ১৮ হাজার বর্গফুট সুতার জাল এবং ২ হাজার বর্গফুট কারেন্ট জাল বিএফডিসির হেফাজতে রাখা হয়েছে।
তিনি বলেন, কাপ্তাই লেকে অবৈধভাবে মাছ আহরণ বন্ধ এবং প্রাকৃতিক মৎস্য সম্পদ সংরক্ষণের লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধ মৎস্য আহরণ রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সূত্র : বাসস