টেকনাফের নোয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে বিজিবি ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে। একইসাথে নয়জনকে আটক করা হয়েছে।

শুক্রবার টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: হানিফুর রহমান ভূঁইয়া, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে, বৃহস্পতিবার পরিচালিত এ অভিযানে বিজিবির পাশাপাশি আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), জেলা পুলিশ, র‌্যাব, বাংলাদেশ কোস্ট গার্ড, বাংলাদেশ আনসার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, উপজেলা প্রশাসন এবং আরআরআরসি (RRRC) অংশ নেয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক ব্যক্তিদের মধ্যে একজনের কাছ থেকে একটি একনলা বন্দুক, ১৬ রাউন্ড তাজা গুলি এবং ২২টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এদের মধ্যে সাতজন অনলাইন জুয়ার সাথে সম্পৃক্ত এবং একজন ওয়ারেন্টভুক্ত আসামি। তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: হানিফুর রহমান ভূঁইয়া বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বিত এ ধরনের অভিযান ক্যাম্প এলাকায় সন্ত্রাস, মাদক, অস্ত্র ও অন্যান্য অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সীমান্তবর্তী এলাকায় শান্তি, নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান অব্যাহত থাকবে।