রাজধানীর বংশালের একটি দোকানে আগুনে তিনজন কর্মচারী দগ্ধ হয়েছেন। সোমবার (১ জুন) বেলা ১১টার দিকে টেকেরহাট লেনের পাওয়ার টুল স্কেল দোকানে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন মোহাম্মদ মিরাজ (২৫), ইফাত (২০) ও মোহাম্মদ রকি (২৬)। তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

দোকানের ম্যানেজার মোহাম্মদ রাফিন জানান, বিদ্যুৎ সুইচ দেয়ার সময় দোকানের ভেতরে আগুন ধরে যায়। এতে তিনজন সেলসম্যান দগ্ধ হন। পরে তাদের দ্রুত হাসপাতালে নেয়া হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, রকির শরীরে ২৩ শতাংশ, ইফাতের শরীরে ২৫ শতাংশ এবং মিরাজের শরীরে ২ শতাংশ দগ্ধ হয়েছে। রকি ও ইফাতকে ভর্তি দেয়া হয়েছে, মিরাজকে অবজারভেশনে রাখা হয়েছে বলেও জানান তিনি।