কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির রূহের মাগফেরাত কামনায় জাতীয় সংসদ সচিবালয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি।
বুধবার (১৫ জুলাই) বাদ জোহর জাতীয় সংসদ সচিবালয় মসজিদে আয়োজিত এ দোয়া ও মিলাদ মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
দোয়া ও মোনাজাতে কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির রূহের মাগফেরাত কামনা করা হয়। একইসাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধাসহ বিভিন্ন সময়ে দেশের গণতান্ত্রিক আন্দোলনে জীবন উৎসর্গকারী ব্যক্তিদের রূহের মাগফেরাত কামনা করা হয়।
এ সময় দেশ ও জাতির শান্তি, অগ্রগতি, সমৃদ্ধি ও কল্যাণ, জাতীয় সংসদের কার্যক্রমের সফলতা এবং মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
জাতীয় সংসদ সচিবালয় মসজিদের সিনিয়র ইমাম মো: আবু রায়হান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
মিলাদ মাহফিলে সংসদ সদস্য, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, কর্মকর্তা-কর্মচারী এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।