ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেছেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ২০২৪ সালের জাতীয় নির্বাচনে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলকে বাদ রেখে শুধুমাত্র আওয়ামী লীগ ও আওয়ামী-সমর্থিত দল জাতীয় পার্টি দিয়ে নির্বাচন করেছিলেন।
বুধবার (২৫ জুন) মগবাজার থেকে সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালকে গ্রেফতারের পর ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ডিবির যুগ্ম-কমিশনার নাসিরুল ইসলাম বলেন, সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালের বিরুদ্ধে অভিযোগ, ২০২৪ সালের জাতীয় নির্বাচনে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলকে বাইরে রেখে নির্বাচন পরিচালনা করা। শুধুমাত্র আওয়ামী লীগ ও আওয়ামী-সমর্থিত দল জাতীয় পার্টি দিয়ে নির্বাচন করেছিলেন কাজী হাবিবুল আউয়াল। নির্বাচনে ভোটের পরিসংখ্যান নিয়েও মিথ্যাচার করেছিলেন তিনি। পরে সংবিধান লঙ্ঘন ও নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনে জয়ী হয়েছে বলে গেজেট প্রকাশ করাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মামলা হয়।
তিনি বলেন, মগবাজারে হাবিবুল আউয়াল আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শেরে বাংলা নগর থানায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। সেই মামলায় তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করবেন তদন্তকারী কর্মকর্তা।
শেরে বাংলা নগর থানার মামলায় মোট ২৪ জন আসামি।
বাকি আসামিদের গ্রেফতার করা হবে কিনা জানতে চাইলে ডিবির এই কর্মকর্তা বলেন, মামলায় যাদের নাম এসেছে সবার ব্যাপারে গোয়েন্দা তৎপরতা আছে। তাদের অবস্থান শনাক্ত করতে পারলে আইনের আওতায় আনা হবে।
২০১৪ সালের নির্বাচনের তৎকালীন সিইসি কাজী রকিব উদ্দিন আহমেদের অবস্থান এবং তাকে গ্রেফতারের বিষয়ে প্রশ্নে তিনি বলেন, গোয়েন্দা তৎপরতা ও নজরদারি রাখা হয়েছে। তাকে আইনের আওতায় আনতে কার্যক্রম অব্যাহত রয়েছে।
এর আগে বুধবার বেলা ২টার দিকে রাজধানীর মগবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবি।
গত ২২ জুন রাজধানীর শেরে বাংলা নগর থানায় প্রহসনের নির্বাচন করার অভিযোগে সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) ২৪ জনের নাম উল্লেখ করে মামলার আবেদন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মামলার আবেদন জমা দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো: সালাহ উদ্দিন খানের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল।