রাজধানীর মিরপুর ও ধানমন্ডি থানার পৃথক দুই মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমীর হোসেন আমু ও সাবেক এমপি আব্দুস সোবহান গোলাপকে গ্রেফতার দেখিয়েছেন ঢাকার একটি আদালত।

আজ সোমবার তাদের কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের এসব মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া তাদের এসব মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। গ্রেফতার দেখানোর পর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

আমুর মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলের শিক্ষার্থী সুজন মাহমুদ মিরপুর থানাধীন এলাকায় অবস্থান করা কালে আসামিদের ছোড়া গুলি মাথার ডান পাশ দিয়ে ঢুকে ভেতরে আটকে থাকে। পরে বিকেলে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বড় ভাই সুলতান মাহমুদ গত বছরের ২৩ আগস্ট মিরপুর থানায় হত্যা মামলা করেন।

গোলাপের মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানকালে গত বছরের ৪ আগস্ট ধানমন্ডি জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় আন্দোলনে অংশ নেন আব্দুল্লাহ সিদ্দিকি। ওই দিন বিকেল পৌনে ৪টার দিকে আসামিদের ছোড়া গুলিতে আহত হন ভুক্তভোগী। পরে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গত ১৯ সেপ্টেম্বর ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। সূত্র : বাসস