কুয়েট ভিসির পক্ষে শিক্ষক-কর্মকর্তাদের সমাবেশ : হলের নেট ও পানি সংযোগ বিচ্ছিন্ন
বুধবার (১৬ এপ্রিল) বেলা পৌনে ১টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের মিছিলটি শুরু হয়। অপরপক্ষে ছাত্ররা ভিসির পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে মিছিল করেন।
স্থান
খুলনা
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থীরা আজ বুধবার মুখোমুখী হয়ে পড়েছেন। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ভাইস চ্যান্সেলরের পদত্যাগে ছাত্রদের দাবির বিপক্ষে মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা।
বুধবার (১৬ এপ্রিল) বেলা পৌনে ১টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের মিছিলটি শুরু হয়। দুর্বার বাংলার পাদদেশে গিয়ে মানববন্ধন ও সমাবেশ করেন তারা। সমাবেশে শিক্ষার্থীরা কুয়েট ভিসিকে হয়রানি করছে দাবি করে এর প্রতিবাদ জানান হয়।
অপরপক্ষে ছাত্ররা ভিসির পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে মিছিল করেন। পরে শিক্ষাথীরা ছাত্র কল্যাণ সেন্টারের সামনে অবস্থান নেন। মঙ্গলবার রাতে হলে অবস্থান করেন শিক্ষার্থীরা। তারা অভিযোগ করেন, কুয়েট প্রশাসন হলের ইন্টারনেট ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে।