খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তালা ভেঙে ছাত্রদের হলে প্রবেশ করাকে দেশের আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে কুয়েটের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের পাবলিক রিলেশনস অফিসার শাহেদুজ্জামান শেখের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইন লঙ্ঘনের কথা স্মরণ করিয়ে শিক্ষার্থীদের দেশের প্রচলিত আইনের প্রতি সম্মান রাখার ও ভার্সিটি সিন্ডিকেটের সিদ্ধান্তের প্রতি আস্থা রাখার জন্য আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর নামের তালিকা ও সংখ্যা দেখা যাচ্ছে। অভিযুক্ত শিক্ষার্থীদের নামের তালিকা কোথাও প্রকাশ করা হয়নি। তাই এসব তালিকা দেখে বিভ্রান্ত না হওয়ার জন্য সকল শিক্ষার্থীকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়।
উল্লেখ্য, কুয়েট সিন্ডিকেট সোমবার রাতে জরুরি সভা করে গত ১৮ ও ১৯ ফেব্রুয়ারি সংঘটিত ঘটনায় বিশ্ববিদ্যালয়ের মোট ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার এবং ৪ মে থেকে ক্লাস শুরুর করার সিদ্ধান্ত নেয়। এরপর ছাত্ররা ওই সিদ্ধান্ত প্রত্যাখান করে ভিসির পদত্যাগে একদফার আন্দোলন ঘোষণা করে।