রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে সহায়তা করছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা।
আজ শনিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের সামনে একটি সহায়তা বুথ স্থাপন করে সংস্থার সদস্যরা ভর্তিচ্ছু ছাত্রীদের বিভিন্ন সেবা প্রদান করছে।
ভর্তিচ্ছু ছাত্রীদের জন্য স্যালাইন ও পানি সরবরাহের পাশাপাশি আবাসন সমস্যায় পড়া শিক্ষার্থীদের থাকা-খাওয়ার ব্যবস্থাও করছে সংগঠনটি।
এ বিষয়ে সংগঠনের এক সদস্যের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের কাজ তিনটি ধাপে বিভক্ত- প্রথমত দাওয়াত, দ্বিতীয়ত সংগঠন ও প্রশিক্ষণ এবং তৃতীয়ত কল্যাণমূলক ও সমস্যা সমাধানমূলক কার্যক্রম। আমরা অসচ্ছল ছাত্রীদের আর্থিক সহায়তা, আবাসন ব্যবস্থা, শীতবস্ত্র বিতরণসহ নানা মানবিক কাজে অংশ নিই। ভর্তি পরীক্ষার সময় ভর্তিচ্ছু ছাত্রীদের থাকার ব্যবস্থা ও হেল্প ডেস্কের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা দিয়ে থাকি।’
এছাড়া আরেক সদস্য বলেন, ‘১৯৭৮ সালে ঢাকায় প্রতিষ্ঠিত এই সংগঠনটি ১৯৮০ সাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম পরিচালনা করছে। সংগঠনটির লক্ষ্য হলো ছাত্রীদের ইসলামের আলোকে জীবন গড়তে সাহায্য করা এবং তাদের আদর্শ মুসলিম নারী হিসেবে গড়ে তোলা।‘
ভর্তিচ্ছু শিক্ষার্থী আফরোজ মনি এই উদ্যোগের প্রশংসা করে বলেন, এটা সত্যিই প্রশংসনীয়। আমরা নারী শিক্ষার্থীরা অনেক সময় ছেলেদের কাছে সাহায্য চাইতে সংকোচ বোধ করি। কিন্তু এখানে আপুরা আছেন বলে আমরা কোনো দ্বিধা ছাড়াই সব কথা বলতে পারছি এবং সাহস পাচ্ছি। রাতে থাকার ব্যবস্থাও আপুরাই করেছেন, তারা আমাদের প্রতি খুব যত্নশীল ছিলেন।