রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হয়েছে। এবারই প্রথম একযোগে পাঁচটি বিভাগীয় শহরে এই পরীক্ষা নেয়া হয়েছে।

আজ শনিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অ্যাকাডেমিক ভবনে উক্ত পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। এছাড়াও আগামী ১৯ এবং ২৬ এপ্রিল যথাক্রমে অনুষ্ঠিত হবে ‘এ’ এবং ‘সি’ ইউনিটের পরীক্ষা।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুরো ক্যাম্পাসজুড়ে ছিল পুলিশ ও স্বেচ্ছাসেবকদের উপস্থিতি এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তায় ৫টি হেল্পডেস্ক স্থাপন করা হয়েছিল, যেখানে তারা প্রয়োজনীয় তথ্য ও সহায়তা পেয়েছে। অভিভাবকদের জন্য ছিল আলাদা ছাউনির ব্যবস্থা এবং সুপেয় পানির ব্যাবস্থা। পাশাপাশি, ক্যাম্পাসে ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থাও ছিল, যা অভিভাবক ও শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে সহায়ক ছিল।

এবারের পরীক্ষা বহুকেন্দ্রীক হওয়ায় নেই আগের মতো চাপ। ফলে স্বস্তি প্রকাশ করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা।

ভর্তি পরীক্ষার্থী জুনাইদ আলম অর্ণব বলেন, ‘পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। প্রশ্ন মোটামুটি ভালোই ছিল এবং পরীক্ষাও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এবার পাঁচটি বিভাগীয় শহরে পরীক্ষা হওয়ায় ক্যাম্পাসে ভিড়ও কম এবং যাদের চট্টগ্রাম, ঢাকার মতো দূর-দুরান্ত থেকে আসতে হতো তাদেরও এইবার সুবিধা হয়েছে।’ প্রশাসনের এই ব্যাতিক্রমী উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি।

এক শিক্ষার্থীর অভিভাবক মো: নুর আলম বলেন, ‘আগে ভর্তি পরীক্ষার সময় ক্যাম্পাসে অনেক ভিড় হতো, নিরাপত্তা ও সময়মতো পৌঁছানো নিয়েও দুশ্চিন্তা থাকত। কিন্তু এবার পাঁচটি বিভাগীয় শহরে পরীক্ষা নেয়ার ফলে চাপ অনেকটাই কমেছে। রাজশাহীতেও পরিবেশ ছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল। আমি মনে করি, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও চালু রাখা উচিত।’

সার্বিক বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক মাঈন উদ্দিন বলেন, ‘এবারের বহু কেন্দ্রীক পরীক্ষা নেয়াটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জের বিষয় ছিল। তবে আমরা অনেক স্বস্তির সাথেই পরীক্ষাটি নিতে পেরেছি এবং আমরা অনেক খুশি যে এবারে শিক্ষার্থী ও অভিভাবকদের কোনো ভোগান্তি পোহাতে হয়নি এবং রাজশাহীসহ অন্যান্য কেন্দ্রে পরীক্ষা নিতে কোনো সমস্যা হয়নি।

উল্লেখ্য, রাজশাহী ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুরের আঞ্চলিক কেন্দ্রগুলোতে এ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে।