বিমান ভাড়া ফেরতের আশ্বাস

ওমরাহ ভিসার জটিলতা নিরসনে সৌদিকে ধর্ম মন্ত্রণালয়ের চিঠি

সৌদি সরকার নুসুক অ‌্যাপের মাধ‌্যমে ওমরাহ ভিসা ওপেন করে (খুলে) দিয়েছিল, অথচ (কাজের উদ্দেশে) লাখ লাখ মানুষ এখন সৌদি আরবে হাজির। হজের চেয়েও বেশি মানুষ এখন মক্কা-মদিনায়। মানুষ যে এবাদত করবে সেই পরিবেশ নেই। এই পরিস্থিতিতে সৌদি সরকার ওমরাহ ভিসা ইস্যু প্রায় বাতিল করে দিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
302
ছবি : সংগৃহীত

কোনোপ্রকার পূর্ব-ঘোষণা ছাড়াই বাংলাদেশীদের জন‌্য ওমরাহ ভিসা প্রায় বন্ধ করে দিয়েছে সৌদি সরকার। বাংলাদেশ থেকে রমজান মাসে অনেক মুসল্লি ওমরাহ করতে যান। সেই অনুযায়ী এবারো প্রস্তুতি নিয়েছিলেন অনেকে, অ্যাজেন্সিগুলো তাদের জন্য টিকিটও বুকিং দিয়েছে। এর মধ্যে হঠাৎ ভিসা বন্ধের ঘোষণায় বিপাকে পড়েছেন ওমরাহ যাত্রী ও অ্যজেন্সিগুলো।

ভিসা বন্ধ হলেও আগেভাগে বুকিং দেয়া বিমান টিকিটের মূল্য ফেরত পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। তবে টিকিট-মূল্য সবাই ফেরত পাবেন বলে আশ্বাস দিয়েছেন ধর্ম উপদেষ্টা উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

উপদেষ্টা জানিয়েছেন, বাংলাদেশীদের জন্য ওমরাহ ভিসা বন্ধে উদ্বেগ জানিয়ে সঙ্কট নিরসনে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে চিঠি দেয়া হয়েছে। একইসাথে জটিলতা কাটিয়ে বিষয়টি স্বাভাবিক অবস্থায় ফেরাতে রাষ্ট্রদূতকে অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া, বিমান সংস্থাগুলোর সাথেও মন্ত্রণালয়ের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। তারা অ্যাজেন্সিগুলোর অগ্রিম ভাড়ার অর্থ ফেরত দেবে বলে নিশ্চিত করেছে বলেও জানিয়েছেন আ ফ ম খালিদ হোসেন।

এক বিশেষ সাক্ষাৎকারে ধর্ম উপদেষ্টা বলেন, ‘সৌদি সরকার নুসুক অ‌্যাপের মাধ‌্যমে ওমরাহ ভিসা ওপেন করে (খুলে) দিয়েছিল, অথচ (কাজের উদ্দেশে) লাখ লাখ মানুষ এখন সৌদি আরবে হাজির। হজের চেয়েও বেশি মানুষ এখন মক্কা-মদিনায়। মানুষ যে এবাদত করবে সেই পরিবেশ নেই। এই পরিস্থিতিতে সৌদি সরকার ওমরাহ ভিসা ইস্যু প্রায় বাতিল করে দিয়েছে। (বাংলাদেশীদের জন্য) তারা এখন ভিসা ইস্যুর হার ১০ শতাংশে নামিয়ে এনেছে।’

তিনি বলেন, ‘ওমরাহ ভিসা ইস্যু করা কমিয়ে দেয়ার কারণে আমরা উদ্বিগ্ন, সেই উদ্বেগ আমরা তাদের জানিয়েছি। ভিসা আগের মতো ওপেন করার অনুরোধও করেছি। আমরা শনিবার (১৫ মার্চ) সৌদি রাষ্ট্রদূতকে চিঠি দিয়েছি। তারা আমাদের এখনো কোনো উত্তর দেয়নি।’

আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘চিঠিতে আমরা বলেছি, আকস্মিকভাবে বন্ধ করে দেয়ার কারণে আমাদের ওমরাহ যাত্রীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তারা অ্যাজেন্সিগুলোকে টাকা দিয়েছেন, অ্যাজেন্সিগুলো বিমানের টিকিটও বুকিং দিয়ে দিয়েছে। এখন অ্যাজেন্সিগুলোকে টাকা ফেরত দিতে হচ্ছে। এ পরিপ্রেক্ষিতে আমরা সৌদি সরকারকে বাংলাদেশের জন‌্য ওমরাহ ভিসা ইস্যু স্বাভাবিক করার অনুরোধ করেছি। আমি রাষ্ট্রদূতের সাথে ফোনেও কথাও বলব। দেখি তারা কী সিদ্ধান্ত নেয়!’

তিনি বলেন, ‘বিমান সংস্থাগুলোর সাথে আমরা আলাপ করেছি। তারা আমাদের জানিয়েছে, টিকিটের টাকা ফেরত দেয়া হবে। তবে নিয়ম আছে, বুকিং দিলে পরে টাকা ফিরিয়ে নিলে একটা ফি কাটে। সামান‌্য একটা ফি কেটে টাকা ফেরত দেয়া হবে। এ বিষয়ে তারা রাজি হয়েছে।’

শুধু বাংলাদেশীদের জন‍্যই কি এ সমস্যা হয়েছে- জানতে চাইলেন তিনি বলেন, ‘আমি যতটুকু শুনেছি, ওমরাহ ভিসা বন্ধ শুধু বাংলাদেশীদের জন্য নয়। এ বিষয়ে আমরা অফিশিয়াল কোনো কারণ এখনো জানতে পারিনি। তবে শুনেছি, রমজানে বেশি লোকের চাপ, একসাথে এত লোকের চাপ সামলাতে একটু সমস্যা হচ্ছে, তাই হয়তো সাময়িক সময়ের জন‍্য সৌদি সরকার ওমরাহ ভিসা বন্ধ করেছে। সৌদি সরকার ঘোষণা দিয়ে ভিসা ইস্যু বন্ধ করলে অ্যাজেন্সিগুলো ওমরাহ যাত্রীদের কাছ থেকে টাকা নিতেন না; কিন্তু তারা হঠাৎ করে এ সিদ্ধান্ত নেয়ায় জটিলতার সৃষ্টি হয়েছে। তবে আশা করছি, খুব দ্রুত সমস্যার সমাধান হবে।’

এদিকে, অ্যাজেন্সি মালিকদের সংগঠন হজ অ্যাজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব ফরিদ আহমেদ বলেন, ‘এ বিষয়ে আজকে আমরা ধর্ম মন্ত্রণালয়ের সাথে আলোচনা করেছি। বিষয়টির সমাধান কীভাবে করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে।’

‘সৌদি আরবে ওমরাহ ভিসা ইস্যু এখনো স্বাভাবিক হয়নি। ধর্ম মন্ত্রণালয় থেকে একটি অনুরোধপত্র সৌদি রাষ্ট্রদূতকে দেয়া হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে। দেখি কী সিদ্ধান্ত আসে!’

তিনি বলেন, ‘যারা অগ্রিম টাকা জমা দিয়েছেন, তারা যেন দ্রুত টাকা (ফেরত) পায়, সে বিষয়ে আমাদের সহযোগিতা থাকবে। তবে ধর্ম মন্ত্রণালয় থেকে আমাদের জানানো হয়েছে, এয়ারলাইন্সগুলোর সাথে তাদের কথা হয়েছে; টিকিটের অগ্রিম টাকা ফেরত দেয়া হবে।’

ধর্ম মন্ত্রণালয় সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক বলেন, ‘হজের মতো ওমরাহ নিয়ে আমাদের দু’দেশের মধ্যে চুক্তিবদ্ধ কোনোকিছু নেই। তারপরও আমরা সৌদি সরকারের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। যারা ওমরায় যাওয়ার উদ্দেশে টিকিটের জন‍্য বিভিন্ন অ্যাজেন্সিতে টাকা জমা দিয়েছেন, তাদের টাকা ফেরত দিতে হবে। এ বিষয়ে কেউ অভিযোগ দিলে ব‍্যবস্থা নেয়া হবে।’

ধর্ম মন্ত্রণালয় থেকে জানা গেছে, ওমরাহ যাত্রী পরিবহন করে থাকে ১০-১২টি এয়ারলাইন্স। রমজানে প্রতিদিন ১ হাজার থেকে ১ হাজার ২০০ ওমরাহ যাত্রী পরিবহন করার কথা। তবে ভিসা বন্ধ করায় যাত্রীরা এখন যেতে পারছেন না। অবশ্য এপ্রিল মাসের ১৫ তারিখ পর্যন্ত ওমরাহ যাত্রীদের (সৌদি) যাওয়ার সুযোগ রয়েছে।

সূত্র : ইউএনবি