রাজধানীর গুলশানে ‘জাতিসঙ্ঘ হাউস’ উদ্বোধন করেছেন সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
আজ শনিবার সকালে উদ্বোধনের পর ভবনটি পরিদর্শন করেন তিনি।
প্রধান উপদেষ্টার গণমাধ্যম শাখা এমন তথ্য দিয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ-জাতিসঙ্ঘ সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে জাতিসঙ্ঘ ভবন প্রাঙ্গণে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন গুতেরেস।
তিনি জাতিসঙ্ঘের পতাকা উত্তোলন অনুষ্ঠানেও অংশ নেন। পরে তিনি জাতিসঙ্ঘের বাংলাদেশ কার্যালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয় ও গৃহায়ণ এবং গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। অনুষ্ঠান শেষে দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিএনপির প্রতিনিধি দলের সাথে সংস্কার প্রস্তাব নিয়ে একটি গোলটেবিল আলোচনায় যোগ দেবেন গুতেরেস।
এ বৈঠক শেষে তরুণ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে একটি বৈঠকে অংশ নেবেন তিনি। আগামীকাল রোববার সকালে ঢাকা ছাড়বেন জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
সূত্র : ইউএনবি