জাতিসঙ্ঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশ সফরের আজ (১৫ মার্চ) তৃতীয় দিন। এদিন তিনি বড় ব্যস্ত সময় পার করবেন।

শুক্রবার (১৪ মার্চ) রাতে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার তার ব্যস্ততার শিডিউল গণমাধ্যমকে জানান।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারির তথ্য মতে, আজ সকাল ৯টায় জাতিসঙ্ঘ মহাসচিব রাজধানীতে জাতিসঙ্ঘ কান্ট্রি টিম (ইউএনসিটি) বাংলাদেশের সাথে একটি বৈঠকে যোগ দেবেন। এরপর রাজধানীতে নতুন জাতিসঙ্ঘ ভবন প্রাঙ্গণ পরিদর্শন করবেন। সেখানে তিনি ৫০তম বার্ষিকী উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী দেখবেন এবং আনুষ্ঠানিকভাবে জাতিসঙ্ঘের পতাকা উত্তোলন করবেন।

ডেপুটি প্রেস সেক্রেটারি আরো জানান, জাতিসঙ্ঘ মহাসচিব এরপর দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে ২টা ১৫ পর্যন্ত হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংস্কার প্রস্তাবনা নিয়ে একটি গোলটেবিল আলোচনায় যোগ দেবেন। বৈঠক শেষে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত একই স্থানে তরুণদের সাথে সংলাপ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে একটি বৈঠকে অংশ নেবেন।

এরপর বিকেল ৫টা ২০ মিনিটে জাতিসঙ্ঘ মহাসচিব ও পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেন একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন।