বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সোমবার (৩১ মার্চ) ড. ইউনূসের সাথে এক ফোনালাপে এই শুভেচ্ছা জানান তিনি।

এ ফোনালাপের সময় শাহবাজ শরিফ ড. ইউনূসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান। তিনি আরো জানান, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার আগামী ২২ এপ্রিল একটি বাণিজ্য প্রতিনিধিদলের সাথে বাংলাদেশ সফরে আসছেন।

এই কথোপকথনে বাংলাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লার প্রসঙ্গও উঠে আসে। বিষয়টি শাহবাজ শরিফ এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে দেয়া এক পোস্টে উল্লেখ করেন।

এক্স-এ দেয়া পোস্টে শাহবাজ শরিফ বলেন, ‘বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে টেলিফোনে কথোপকথন হয়েছে। ফোনালাপে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছি এবং পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক আরো জোরদার করার জন্য আমাদের যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি।’

তিনি আরো বলেন, ‘আগামী ২২ এপ্রিল একটি বাণিজ্য প্রতিনিধিদলের সাথে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি ‘

শাহবাজ শরিফ জানান, তিনি ড. ইউনূসকে সুবিধামতো সময়ে পাকিস্তান সফরের জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন। পাশাপাশি, কিংবদন্তি শিল্পী রুনা লায়লাকে নিয়ে বাংলাদেশ থেকে একটি সাংস্কৃতিক দলকে পাকিস্তানে আসার আমন্ত্রণও জানিয়েছেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল।