ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় খাল-জলাশয়ের টেকসই উন্নয়নে ও ঢাকা শহরে ব্লু নেটওয়ার্ক স্থাপনে সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত আন্দ্রে কার্সটেন্স।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে রাজধানীর গুলশান নগর ভবনে উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

এ সময়ে ঢাকা শহরে ব্লু নেটওয়ার্ক স্থাপনে ডিএনসিসি প্রশাসককে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত সহায়তার আশ্বাস দিয়েছেন বলে গণমাধ্যমে পাঠানো ঢাকা উত্তর সিটি করপোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বৈঠকে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের খাল দখলমুক্তকরণ ও খনন কার্যক্রম সম্পর্কে অবগত করেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।

তিনি বলেন, ‘ঢাকা শহরে ব্লু নেটওয়ার্ক স্থাপনের লক্ষ্যে ডিএনসিসি ইতিমধ্যে খাল খনন ও পরিষ্কার কার্যক্রম শুরু করেছে। ডিএনসিসি ঢাকা শহরে ব্লু নেটওয়ার্ক স্থাপনের লক্ষ্যে অন্যান্য সরকারি সংস্থা ও উন্নয়ন সংস্থার সাথে যৌথভাবে কাজ করার উদ্যোগ নিয়েছে।’

ঢাকার ব্লু নেটওয়ার্ক স্থাপনের এই উদ্যোগে নেদারল্যান্ডস আর্থিক ও কারিগরি সহায়তা করতে পারে বলেও জানান ডিএনসিসি প্রশাসক। ফলে দু’দেশের পারস্পরিক সম্পর্ক আরো দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

রাষ্ট্রদূতের সাথে আলাপকালে ডিএনসিসি প্রশাসক বলেন, ‘নেদারল্যান্ডসের দৃষ্টিনন্দন খালগুলো বিশ্বে রোল মডেল। খালগুলোতে নৌযান চলাচল করে। নেদারল্যান্ডসের শহরগুলোর যে ব্লু নেটওয়ার্ক ও হাইড্রো ইকোনমিক ডেভেলপমেন্ট রয়েছে, তাদের কার্যক্রমের মডেল ও অভিজ্ঞতা আমাদের জন্য সহায়ক হবে।’

জবাবে ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত আন্দ্রে কার্সটেন্স বলেন, ‘ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসন, স্যানিটেশন ম্যানেজমেন্ট ও খালগুলোর টেকসই উন্নয়নে নেদারল্যান্ডস কাজ করতে আগ্রহী।’

ঢাকা শহরে যে খাল রয়েছে সেগুলো উন্নয়ন করে ব্লু নেটওয়ার্ক স্থাপনের সুযোগ রয়েছে। ব্লু নেটওয়ার্ক স্থাপনে যৌথভাবে নেদারল্যান্ডস কাজ করতে চায় বলে তিনি আগ্রহ প্রকাশ করেন।

দ্রুতই এই বিষয়ে তারা বিস্তারিত উল্লেখ করে একটি প্রস্তাব দেবেন বলেও জানান নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত। দু’দেশের সম্পর্কোন্নয়নে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি।

সূত্র : ইউএনবি