ভূমিকম্পের তীব্র আঘাতে বিধ্বস্ত মিয়ানমারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ। মিয়ানমারে ৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর দেশটির পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে পড়েছে, যেখানে হাজার হাজার মানুষ হতাহত হয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই অবস্থায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী দ্রুত উদ্ধারকারী দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে, যা বিশেষ বিমানে মিয়ানমারে পৌঁছে ত্রাণসামগ্রী, মেডিক্যাল সহায়তা এবং উদ্ধার কার্যক্রমে সহায়তা প্রদান করবে।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মিয়ানমারের মান্দালয় শহর থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। এতে সাগাইং, মান্দালয়, নেইপিদোসহ বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সাগাইংয়ে শত বছরের পুরোনো একটি সেতু ধসে পড়েছে এবং বিভিন্ন স্থানে ভবন ও মসজিদ ধ্বংস হয়েছে।
মিয়ানমারের রাষ্ট্র নিয়ন্ত্রিত রেডিও এবং টেলিভিশন জানায়, মিয়ানমারের রাজ্য প্রশাসন পরিষদের চেয়ারম্যান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং শনিবার সকালে হেলিকপ্টারযোগে মান্দালয়ে পৌঁছেছেন এবং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।
ভূমিকম্পের পর মিয়ানমারের ছয়টি অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং দেশটির সামরিক সরকার আন্তর্জাতিক সহায়তার জন্য আবেদন করেছে। তারা উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তবে তথ্য প্রবাহে সীমাবদ্ধতা থাকায় সঠিক পরিস্থিতি নিরূপণ করা কঠিন হয়ে পড়েছে।
এদিকে, আন্তর্জাতিক সম্প্রদায়ও মিয়ানমারের এই দুর্যোগে সহানুভূতি প্রকাশ করেছে এবং বিভিন্ন দেশ ও সংস্থা সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করেছে। জাতিসঙ্ঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো উদ্ধার ও পুনরুদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য প্রস্তুতি নিচ্ছে।