জাতিসঙ্ঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশে চার দিনের সফর শেষে আজ রোববার সকাল ৯টা ৫৫ মিনিটে ঢাকা ত্যাগ করেছেন।
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী-সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান।
ঢাকা ত্যাগের আগে জাতিসঙ্ঘ মহাসচিব প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে টেলিফোনে কথা বলেন এবং বিদায়ী শুভেচ্ছা বিনিময় করেন।
সফরকালে জাতিসঙ্ঘ মহাসচিব প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তার সাথে বৈঠক করেন। তিনি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন এবং প্রায় ১ লাখ রোহিঙ্গার সাথে রমজানের প্রতি সংহতি জানিয়ে ইফতারে অংশ নেন। সেখানে প্রধান উপদেষ্টাও উপস্থিত ছিলেন।
এছাড়া চার দিনের সফরে আন্তোনিও গুতেরেস জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, বাংলাদেশের তরুণ সম্প্রদায় এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন।
সূত্র : বাসস