সৌদি আরব এই বছরের হজযাত্রার আগে বাংলাদেশসহ ১৪টি দেশের নাগরিকদের ভিসা দেয়া সাময়িকভাবে স্থগিত করেছে। সৌদি সরকার ২০২৫ সালের জুনের মাঝামাঝি পর্যন্ত ওমরাহ, ব্যবসায়িক ও পারিবারিক ভিজিট ভিসা প্রদান থেকে বিরত থাকবে। ওই সময় পবিত্র মক্কায় হজ করবেন বিশ্বের লাখ লাখ মুসল্লি।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুসারে, বাংলাদেশ ভারত, পাকিস্তান, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া, ইয়েমেন ও মরক্কোর ওপর সৌদি আরবের ভিসা নিষেধাজ্ঞা জারি করা হবে।
সৌদি কর্মকর্তাদের মতে, হজযাত্রার সাথে সম্পর্কিত অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ ও যথাযথ নিবন্ধন ছাড়া হজ পালনের চেষ্টা করা থেকে বিরত রাখার জন্য এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মূলত হজে পদদলিত হওয়ার পুনরাবৃত্তি এড়াতেই এই পদক্ষেপ নেয়া হয়েছে। গত বছরের হজে প্রচণ্ড গরম ও অনিবন্ধিত হজযাত্রীদের আগমনের ফলে অনেক মানুষের মৃত্যু হয়।
এদিকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কর্তৃপক্ষকে ভিসা বিধিমালা উন্নত করার নির্দেশ দিয়েছেন। সংশোধিত নিয়ম অনুসারে, এই বছর ওমরাহ ভিসার জন্য আবেদনের শেষ তারিখ ১৩ এপ্রিল। তাছাড়া হজ শেষ না হওয়া পর্যন্ত নতুন কোনো ওমরাহ ভিসা জারি করা হবে না।
দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গাল্ফ নিউজ জানিয়েছে, সৌদি কর্মকর্তারা নিরাপদ হজযাত্রা ও আইনি পদ্ধতি সম্পর্কে একটি ডিজিটাল হজ ও ওমরাহ নির্দেশিকা প্রকাশ করেছেন।
এছাড়াও প্রশাসন একটি ক্ষমাহীন সতর্কতা জারি করেছে। হজের সময় অবৈধভাবে অবস্থান করলে সৌদি আরবে প্রবেশের ওপর পাঁচ বছরের নিষেধাজ্ঞা ও ১০ হাজার রিয়াল জরিমানা করা হবে। তাই হজযাত্রীদের সিস্টেম ফাঁকি দেয়ার চেষ্টা এড়াতে হজ পারমিট ব্যবহার করে প্রবেশ করার পরামর্শ দেয়া হয়েছে।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস