বাংলাদেশে আশ্রয় নেয়া ৮ লাখ রোহিঙ্গার মধ্যে ১ লাখ ৮০ হাজারজনকে প্রত্যাবাসনের জন্য উপযুক্ত হিসেবে চিহ্নিত করেছে মিয়ানমার কর্তৃপক্ষ।

শুক্রবার মিয়ানমার কর্তৃপক্ষের সূত্রে চিফ এ্যাডভাইজর জিওবি একথা জানিয়েছে।

সূত্রটি আরো জানিয়েছে, ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে বাংলাদেশ ছয় দফায় এই তালিকা সরবরাহ করেছিল। এখনো আরো ৭০ হাজার রোহিঙ্গার চূড়ান্ত যাচাই-বাছাই চলছে।

শুক্রবার ব্যাংককে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে এক বৈঠকে মিয়ানমারের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী উ থান শিউ এই তথ্য জানান। তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমানের সাথে বৈঠকে বলেন, এটি রোহিঙ্গা সঙ্কট সমাধানের পথে একটি বড় অগ্রগতি।

তিনি আরো জানান, তালিকায় থাকা বাকি ৫ লাখ ৫০ হাজার রোহিঙ্গার তথ্য দ্রুত যাচাই করা হবে।

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি মিয়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান এবং বলেন, বাংলাদেশ মানবিক সহায়তা পাঠাতে প্রস্তুত।