বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মানুষ তৈরির কারিগর বলে দাবি করেছেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক সিবগাতুল্লাহ। তিনি বলেন, ‘ছাত্রশিবির এমন মানুষ তৈরি করতে পারে যারা দেশ, ইসলাম এবং মানুষের জন্য জীবনের পরোয়া না করে যেকোনো কিছু করতে পারে।’
আজ মঙ্গলবার নীলফামারী মডেল মসজিদ হলরুমে ছাত্রশিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবির নীলফামারী শহর শাখার সভাপতি শফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মাজেদুল ইসলাম।
সিবগাতুল্লাহ বলেন, গত ১৫ বছর ধরে বাংলাদেশ বাইরের একটি দেশের পরামর্শে চলত। ২৪ জানুয়ারির গণবিপ্লবের মাধ্যমে ছাত্রসমাজ সেই স্বৈরাচারের পতন ঘটিয়েছে। এই অর্জনকে ধরে রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুস সাত্তার, নায়েবে আমির ড. খায়রুল আনাম, ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ এবং রংপুর মহানগর শাখার সভাপতি নুরুল হুদা।
এছাড়াও জেলা জামায়াতের সেক্রেটারী আন্তাজুল ইসলাম, রংপুর মহানগর জামায়াতের সাবেক সেক্রেটারী অধ্যক্ষ ওবায়দুল্লাহ্ সালাফী, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনিরুজ্জামান জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।