ঠাকুরগাঁওয়ের রহিমানপুর এলাকায় আলু বোঝাই ট্রাক ও থ্রি হুইলারের (পাগলু) মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত ও চারজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ মার্চ) রাত সাড়ে আটটার দিকে ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গি সড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বালিয়াডাঙ্গি উপজেলার চেয়ারম্যান পাড়ার বাসিন্দা দিনা রাম রায়ের ছেলে জয়ন্ত রায় (২৯) এবং একই এলাকার আমিরুল ইসলামের ছেলে আরফান (২৩)।

স্থানীয়রা জানান, বালিয়াডাঙ্গির দিক থেকে একটি আলু বোঝাই ট্রাক ঠাকুরগাঁওয়ের দিকে আসছিল। অপরদিকে ঠাকুরগাঁও থেকে একটি থ্রি হুইলার যাত্রীসহ বালিয়াডাঙ্গির দিকে যাচ্ছিল। রহিমানপুর এলাকায় পৌঁছলে আলু বোঝাই ট্রাক ও থ্রি হুইলারের (পাগলু) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একজন ঘটনাস্থলেই নিহত হন। বাকিদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানিয়েছেন দুর্ঘটনা কবলিতদের মধ্যে হাসপাতালে আনার পূর্বেই একজনের মৃত্যু হয়েছে। অপরজন ভর্তি হওয়ার পর মারা যান। বাকিদের চিকিৎসা চলছে। তবে শিশুটির অবস্থা গুরুতর।

আহতরা হলেন- মহসিনা বেগম (৪৫), আকলিমা খাতুন (২৩), মুরাদ হোসেন (২৪) ও আসিয়া জান্নাত (৪)।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি হেফাজতে নেয়া হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে।