খুলনার দৌলতপুর রেলস্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় মো: হেলাল (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মো: হেলালের বাড়ি খুলনার তেরখাদা উপজেলার মধুপুর গ্রামে। তিনি খালাসী হিসেবে সাহা চন্দ্রপুর ঝুট প্রেসে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রেললাইন পার হওয়ার সময় একটি ট্রেনের ধাক্কায় মাথা ও পায়ে গুরুতর আঘাত পান মো: হেলাল। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।
খুলনা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই পথচারী সকাল ৮টার কিছুক্ষণ আগে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় তিনি ট্রেনের ধাক্কায় মাটিতে পড়ে যান। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।
প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থাগ্রহণের শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ওসি।