বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জাতীয় ঐক্যের মাধ্যমে একটি বৈষম্যহীন, মানবিক ও ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠনে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।

গতকাল শুক্রবার খুলনা মহানগরী জামায়াত আয়োজিত নগরীর বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে একটি অভিজাত হোটেলে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

এ সময় অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশের যেসব মানুষ অধিকার আদায়ের আন্দোলনে শহীদ হয়েছেন, আহত হয়ে পঙ্গু হয়েছেন, জেলে গিয়েছেন, তাদের সবার ত্যাগ আল্লাহ পাক কবুল করুন এবং সবাইকে উপযুক্ত প্রতিদান দিন।

তিনি বলেন, মুক্তি অর্জন করতে হলে অবশ্যই সংগ্রাম করতে হবে। বিনা সংগ্রামে কখনো মুক্তি আসে না। এ জন্য তিনি জাতীয় ঐক্যের মাধ্যমে একটি বৈষম্যহীন, মানবিক ও ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠনে সকলকে ভুমিকা রাখার আহ্বান জানান।

গোলাম পরওয়ার বলেন, রমজান তাক্বওয়া অর্জন, আল্লাহর সন্তুষ্টি অর্জন ও আত্মশুদ্ধির মাস। মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে নিজেদের ব্যক্তিগত আমলকে আরো সুন্দর করতে হবে। খুলনা মহানগরীর প্রতিটি পাড়া-মহল্লায় ইসলামের সুমহান বাণী পৌঁছে দিতে হবে। সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে থাকতে হবে। কুরআনের সমাজ কায়েমের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও মহানগরী আমির অধ্যাপক মাহফুজুর রহমানের সভাপতিত্বে ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ।

উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. হারুনার রশীদ খান, সাবেক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি অধ্যক্ষ শাহ মুহাম্মদ রুহুল কুদ্দুস, সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও খুলনা জেলা আমির মাওলানা এমরান হুসাইন, খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, মহানগরী নায়েবে আমির অধ্যাপক নজিবুর রহমান, জেলা নায়েবে আমির মাওলানা গোলাম সরোয়ার, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, মহানগরী সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, মহানগরী সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট শাহ আলম, মহানগরী ছাত্রশিবিরের সভাপতি আরাফাত হোসেন মিলন, দক্ষিণ জেলা সভাপতি আবু জার গিফারী, উত্তর জেলা সভাপতি আবু ইউসুফ ফকির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সায়েদ বাহার রুম্মন, আইমান আহাদ, রাকিবুল ইসলাম বনি, তামিম হাসান লিয়ন প্রমুখ।

ইফতার মাহফিলে মুসলিম উম্মাহ ও দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মহানগরী কর্মপরিষদ সদস্য মাওলানা আ ন ম আব্দুল কুদ্দুস। এর আগে সর্বশেষ ২০১৩ সালে নগরীর হোটেল ইন্টারন্যাশনাল রয়্যালে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।