জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদ তাড়িয়েছি আবার মুসিবত আনার জন্য নয়। ‘দেশ সংস্কারের কাজ এখনো অব্যাহত রয়েছে। আমরা যে গণতান্ত্রিক উত্তরণের দিকে যাচ্ছি, সে ক্ষেত্রে আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে ভূমিকা রাখবেন। কোনো ধরনের পেশিশক্তি, কোনো ধরনের রাজনৈতিক শক্তির কাছে মাথা নত করবেন না।
শনিবার (৮ মার্চ) সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার উপজেলায় সাংবাদিকদের সম্মানে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলের পর তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানে সাংবাদিকরা যে সাহসী ভূমিকা রেখেছেন, তা অতুলনীয়। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গণমাধ্যমকে একটি বেড়াজালে আটকে রেখেছিল। তারা গণমাধ্যমের বাক শক্তিকে চেপে ধরেছিল। বর্তমানে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছে। প্রয়োজনীয় তথ্য মানুষের সামনে উপস্থাপন করছে। আমি প্রত্যাশা করব, গণমাধ্যমে এই বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমেই জনগণ রাজনৈতিক দলগুলোর ওপর মতামত গড়ে ওঠে। নাগরিক পার্টি যে বার্তা মানুষের কাছে পৌঁছাতে চায় আপনারা অখণ্ডিত ও বস্তুনিষ্ঠতার মধ্যে দিয়ে তা সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দেবেন, এটি গণমাধ্যমের কাছে আশা করছি।
তিনি আইনশৃঙ্খলার বর্তমান কার্যক্রম নিয়ে বলেন, ৫ আগস্টের আগে আওয়ামী লীগ পুলিশ বাহিনীকে লাঠিয়াল বাহিনী ও রাজনৈতিক স্বার্থ হাসিলের কাজে ব্যবহার করেছে। পুলিশসহ অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে আমি তাদের বলতে চাই, আপনারা যদি মনে করেন, আবার কোনোভাবে আওয়ামী লীগ ফিরে আসবে ফ্যাসিবাদ ফিরে আসবে আপনারা তাদের মডেলের পুলিশিং করবেন সেটি বাংলাদেশে আর কখনোই হবে না। জনগণ যে ধরনের পুলিশিং চায় সে পুলিশিংয়ে আপনারা তৎপর হবেন।
দোয়া ও ইফতার মাহফিল আরো উপস্থিত ছিলেন- দৈনিক সমকালের কুমিল্লা জেলা প্রতিনিধি মো: কামাল উদ্দিন, দৈনিক যুগান্তরের কুমিল্লা বুর্যো মো: আবুল খায়ের, সমকালের দেবিদ্বার প্রতিনিধি সৈয়দ খলিলুর রহমান বাবুল, দৈনিক নয়া দিগন্তের সংবাদদাতা মো: ফখরুল ইসলাম সাগর, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি সাইফুদ্দিন রনি, দৈনিক ইনকিলাব প্রতিনিধি মো: ফারুক হোসেন জনি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলার যুগ্ম-আহবায়ক কাজী নাছির, ছাত্রপ্রতিনিধি সাজেদুল রাশেদ রাফসান, খাইরুজ্জামান সবুজ, রাকিবুল ইসলাম হৃদয়, মাহমুদুল হাসান, তানভীর হাসান তুষার, এনসিপির প্রতিনিনি শামীম কাউছার প্রমুখ।