জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাবেক আমির সৈয়দ গোলাম সারওয়ারের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার (১৬ জুন) বাদ আসর নরসিংদী জেলা শহরের ঐতিহ্যবাহী জামেয়া কাসেমিয়া মাদরাসা মাঠে জানাজার নামাজ শেষে জেলার কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
এর আগে সোমবার ভোর ৪টা ৫০ মিনিটে তিনি ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তিনি কিডনি জনিত রোগে আক্রান্ত হয়ে ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন।
ইন্তেকালের সময় তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী ও তিন কন্যা রেখে গেছেন।
সৈয়দ গোলাম সারওয়ার নরসিংদী জেলা শহরের ঘোড়াদিয়া এলাকার মরহুম সৈয়দ শামছুল হক মাস্টারের ছেলে। বড় ভাইয়ের চাকরির সুবাধে গোলাম সারওয়ার ছাত্রজীবন থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরে অবস্থান করতেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে বিএ পাস এবং পরবর্তীতেকালে এলএলবি ডিগ্রি অর্জন করেন।
ছাত্রজীবনে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি হিসেবে দুই সেশন দায়িত্ব পালন করেন। পরে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পর বিগত ২০১২ থেকে ২০২০ সাল পর্যন্ত টানা আট বছর জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া জেলা আমির হিসেবে দায়িত্ব পালন করেন।
জানাজার নামাজে ইমামতি করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সিনিয়র সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম। তিনি ছাড়াও জানাজা পূর্ব বক্তৃতা করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় দফতর সম্পাদক আ খ ম আব্দুস সাত্তার, ব্রাহ্মণবাড়িয়ার সাবেক জেলা আমির ও কুমিল্লা অঞ্চলের টিম সদস্য কাজী নজরুল ইসলাম খাদেম, ব্রাহ্মণবাড়িয়া জেলা আমির মাওলানা মোবারক হেসাইন, নরসিংদী জেলা আমীর মাওলানা মোছলেখ উদ্দিন, কিশোরগঞ্জ জেলা আমির মাওলানা রমজান আলী, ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডাক্তার মো: নোমান মিয়া, নরিসংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামসুজ্জামান ও নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার কলিম উল্লাহ প্রমুখ। এ সময় পরিবারের পক্ষ থেকে বক্তৃতা করেন মরহুমের ছোট ভাই নরসিংদী জেলার সিভিল সার্জন ডাক্তার সৈয়দ আমিরুল হক শামীম।
জানাজা পূর্ব বক্তৃতায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সিনিয়র সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম বলেন, সৈয়দ গোলাম সারওয়ার কঠিন সময়ে ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। তার ছাত্রজীবন থেকে এইচএসসি পড়াকালীন সময়ে তার সাথে আমার পরিচয়। আজ কথা বলার যখন সুযোগ হলো এ সময়ে তিনি আল্লাহর জিম্মায় চলে গেলেন। আল্লাহ তার দ্বীনী খেদমত কবুল করেন এবং দুনিয়ার জীবনের ভুল-ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতবাসী করেন- এই দোয়া করছি।
এদিকে সৈয়দ গোলাম সারওয়ারের ইন্তেকালে জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া জেলা আমির মাওলানা মোবারক হোসাইন ও সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন। নয়া দিগন্ত প্রতিনিধির কাছে পাঠানো শোক বার্তা জামায়াত নেতৃদ্বয় বলেন, সৈয়দ গোলাম সারওয়ার ছিলেন ইসলামী আন্দোলনের জন্য একজন নিবেদিত প্রাণ মানুষ। তিনি রাজনৈতিক চরম বৈরি পরিবেশে ইসলামী ছাত্রশিবির ও জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া জেলা সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। তিনি ফ্যাসিবাদের রোষানলে পড়ে বহুবার গ্রেফতার হয়ে কারা নির্যাতনের শিকার হয়েছেন। তার ইন্তেকালে ইসলামী আন্দোলন একজন বলিষ্ঠ ও যোগ্য নেতত্ব হারাল। জামায়াত নেতৃদ্বয় মরহুমের মাগফিরাত কামনার পাশাপাশি তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।